শুভেন্দু এবার বাধ্য হয়েই রাকেশের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে
উত্তর কলকাতার বিজেপি নেতা রাকেশ সিং ছিলেন শুভেন্দুর খুবই ঘনিষ্ঠ। কিন্তু শনিবার থেকে হঠাৎ করেই শুভেন্দু রাকেশের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন। রাজনৈতিক মহল বলছেন প্রদেশ কংগ্রেসের অফিসে হামলা চালানোর কারণেই শুভেন্দুর এই দূরত্ব তৈরী। শুক্রবার প্রদেশ কংগ্রেস দপ্তরে তাণ্ডব চালিয়েছেন রাকেশ। রাহুল গান্ধী-সহ কংগ্রেসের নেতাদের ছবি ও তাদের দলীয় পতাকায় আগুনও ধরিয়ে দিতে দেখা গিয়েছে রাকেশ ও তাঁর দলবলকে। আর এই ঘটনায় কার্যত চাপে পড়েই রাজ্য বিজেপি পাশে থাকছে না রাকেশের। গেরুয়া শিবিরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত রাকেশ। তাই তাঁর পাশে বিজেপি নেতারা কেউই না দাঁড়ানোয় বঙ্গ বিজেপির কোন্দলও সামনে এসেছে।
শুভেন্দুও কার্যত চাপে পড়ে এ প্রসঙ্গে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর বক্তব্যই সমর্থন করেছেন। শমীক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ”কোনও রাজনৈতিক দলের পতাকায় আগুন লাগানোর ঘটনা বিজেপি সমর্থন করে না।” তাছাড়া, এটা পার্টির কোনও অনুমোদিত কর্মসূচি ছিল না বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন। যদিও তাঁর সঙ্গে বিভিন্ন সময়ে মঞ্চে দেখা গিয়েছে রাকেশকে। অন্যদিকে কংগ্রেস দপ্তরে রাকেশের নেতৃত্বে হামলা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘‘রাকেশ বিজেপি সমর্থক। বিজেপির মেম্বারশিপ নিয়েছে। সে থাকতেই পারে। তবে এই ঘটনা নিয়ে আমাদের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য যা বলেছেন, সেই বক্তব্যই আমি সমর্থন করি। শমীকদা বলেছেন এটা দলের অনুমোদিত কর্মসূচি নয়।’’
