দঃ ২৪ পরগনায় বাঁধ ভেঙে বিপর্যস্ত মৌসুনি দ্বীপ - শঙ্কিত দ্বীপবাসী
ভাদ্র অমাবস্যার কোটালে প্রবল জলস্ফীতি হয়। আর তাতেই ভেঙে যায় সুন্দরবনের মৌসুনি দ্বীপের বাঁধ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৌসুনির পয়লাঘেরির তেঁতুলতলা খাল সংলগ্ন এলাকায় প্রায় ১০০ মিটার নদী বাঁধ ধসে পড়েছে। শনিবার সকাল থেকেই ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ঝাঁপিয়ে পড়েন মেরামতির কাজে। গ্রামবাসীদের অভিযোগ, কোটালের জল বেশি বাড়তে থাকলে বাঁধ ভেঙে গ্রাম জলমগ্ন হবে। স্থানীয়রা বলছেন, মেরামতির কাজ দ্রুত না করলে বড় দুর্ঘটনা হতে সময় লাগবে না। একই পরিস্থিতি দেখা দিয়েছে কুসুমতলার খিরিশতলা এলাকায়। সেখানেও প্রায় ১০০ ফুট নদী বাঁধে ধস নেমেছে।
স্থানীয়দের আতঙ্ক, যে কোনও মুহূর্তে বাঁধ ভেঙে গেলে নোনা জলে ভেসে যাবে গ্রাম। ফলে গোটা গ্রাম ক্ষতিগ্রস্থ হবে। উল্লেখ্য, মৌসুনি দ্বীপ বারবার ভাঙন ও জলবন্দি পরিস্থিতির শিকার হয়েছে। ফলে নতুন করে ধসের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয়রা বলেছেন, যদি দ্রুততার সঙ্গে কাজ শেষ করা না যায়, তাহলে ঘরবাড়ি সব নষ্ট হয়ে যাবে। গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তাই প্রশাসনের সাহায্যের পাশাপাশি বাঁধের দিকে নজর রয়েছে তাঁদের। কার্যত রাত জেগে পাহারা দিচ্ছেন তাঁরা। একইসঙ্গে বাঁধ মেরামতি কাজ চালিয়ে যাচ্ছেন।
