Type Here to Get Search Results !

একদম নতুন সাজে সেজে উঠেছে পুরুলিয়া জেলার কাশীপুর বোর্ড বালিকা প্রাথমিক বিদ্যালয়

 পুরুলিয়া 


একদম নতুন সাজে সেজে উঠেছে পুরুলিয়া জেলার কাশীপুর বোর্ড বালিকা প্রাথমিক বিদ্যালয়



  স্কুলের শিক্ষা ও সংস্কৃতিকে সামনে তুলে আনতে প্রথমেই দরকার সেই স্কুলের বাইরের সজ্জার দিকে নজর দেওয়া। সেই সজ্জা থেকেই মানুষ খুঁজে পাবে সেই স্কুলের শিক্ষা ও সংস্কৃতি। স্কুল চত্বর নাকি সহজ পাঠের মলাট, দেখে বোঝার উপায় নেই! রং-তুলির আঁচড়ে বদলে গেছে পুরো প্রাথমিক বিদ্যালয়। স্কুলের দেওয়াল জুড়ে আঁকা রংবেরঙের বিভিন্ন ছবি। দেওয়ালে দেওয়ালে বাংলা-ইংরেজি বর্ণ। ওয়াল পেইন্টিংয়ে ফুটে উঠেছে বিভিন্ন দিবসের তারিখ। স্কুলের চারিদিকে বিভিন্ন মনীষীর ছবি ও বাণী। এছাড়াও প্রতিটি শ্রেণীকক্ষে রং-তুলি দিয়ে আঁকা হয়েছে ভারতের মানচিত্র ও গুণীজনের প্রতিকৃতি। স্কুলের চারিদিকের দেওয়ালে লেখা শিক্ষামূলক নানা নীতিবাক্য। এক প্রাণবন্ত পরিবেশ ফুটে উঠেছে গোটা স্কুল জুড়ে। এমনই অভিনব পদক্ষেপ নিয়েছে পুরুলিয়া জেলার কাশীপুর বোর্ড বালিকা প্রাথমিক বিদ্যালয়। পড়ুয়াদের স্কুলমুখী করতেই মূলত এমন অভিনব পদ্ধতিতে শিক্ষাঙ্গনকে নিজেদের উদ্যোগে সাজিয়ে তুলেছেন কাশীপুর বোর্ড বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।


  স্কুলের দেওয়ালে সভা পাচ্ছে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের ছবিও। রং-তুলির আঁচড়ে বদলে যাওয়া এই প্রাথমিক বিদ্যালয় এখন পুরুলিয়া জেলার এক অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। অন্যদিকে পুরুলিয়ার ওই স্কুলের আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছে, স্কুল চত্বরে থাকা গাছে তৃষ্ণার্ত পাখিদের জন্য পানীয় জলের ব্যবস্থার আরও একটি অভিনব উদ্যোগ। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে জানার জন্য ক্লাসরুমের নাম দেওয়া হয়েছে রবীন্দ্র ভবন ও নজরুল ভবন। এছাড়াও ভারতের বিভিন্ন মনীষী ও বীর সেনানীদের ছবি ও ইতিহাস তুলে ধরা হয়েছে রঙিন চিত্রে। স্কুলের দেওয়ালের বিভিন্ন প্রান্তে বার্তা দেওয়া হয়েছে স্বচ্ছতারও।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.