Type Here to Get Search Results !

পুরুলিয়ার 'মিনি সুন্দরবন' আপনাকে মুগ্ধ করবে।



পুরুলিয়ার 'মিনি সুন্দরবন' আপনাকে মুগ্ধ করবে। 


  পুরুলিয়া বাংলার এমন এক জেলা যেখানে আছে প্রকৃতির বিপুল সম্ভার। দিনের পর দিন পুরুলিয়া জেলার উন্নতি হয়েই চলেছে। পুরুলিয়ার অর্থনীতির একটা বড়ো বিষয় পর্যটন। এবার পুরুলিয়ায় সেজে উঠেছে নতুন 'মিনি সুন্দরবন'। সুন্দরবনের রোমাঞ্চ এবার মিলতে পারে পশ্চিমের জেলা পুরুলিয়ায়! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পুরুলিয়া জেলার কাশীপুরের রঞ্জনডি জলাধার বা যোগমায়া সরোবর এখন পরিচিত পুরুলিয়ার ‘মিনি সুন্দরবন’ নামে। প্রকৃতির কোলে গড়ে ওঠা এই মনোরম স্থানটি ধীরে ধীরে পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। মানগ্রোভ অরণ্য নেই ঠিকই, কিন্তু বিস্তীর্ণ সোনাইজুড়ি জঙ্গল আর রঞ্জনডি ড্যামের জলরাশি মিলে তৈরি হয়েছে এক স্বপ্নময় পরিবেশ। চারদিকে সবুজের আলিঙ্গন, নির্জনতা আর পাখির কলতানে এখানে মন যেন আপনা আপনি শান্ত হয়। বিশেষ করে বর্ষার দিনে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে এই প্রকৃতি যেন আরও জ্যান্ত হয়ে ওঠে। 


  গত পাঁচ বছর ধরে পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে যোগমায়া জলাধারকে ঘিরে গড়ে তোলা হয়েছে নতুন পর্যটন কেন্দ্র। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ চেষ্টায় এখন সেখানে গড়ে উঠেছে থাকার জন্য আকর্ষণীয় কটেজ, খাবারের রেস্টুরেন্ট, পর্যটকদের জন্য শৌচালয়, পরিবার ও বন্ধুদের নিয়ে পিকনিক করার উপযোগী স্থান। সম্প্রতি যোগমায়া সরোবরে নতুনভাবে নির্মিত হয়েছে একটি অত্যাধুনিক খেলার পার্ক, যা বিশেষ করে শিশুদের জন্য আকর্ষণীয় করে গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলার উপকরণ, যেমন দোলনা, স্লাইড, সি-সো-সহ আরও অনেক কিছু। কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া জানিয়েছেন, “এই জায়গাটিকে ঘিরে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। পর্যটন কেন্দ্র হিসেবে এটি আগামী দিনে আরও জনপ্রিয় হয়ে উঠবে। পর্যটকদের সুবিধার্থে সমস্ত রকমের ব্যবস্থা করা হচ্ছে এখানে।''

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.