পুরুলিয়া
হিংস্র শিয়ালের আক্রমনে ৬ জন আহত ঝালদায়
ঝালদায় জঙ্গল সংলগ্ন অঞ্চলে হঠাৎ করে ঢুকে পরে একটা শিয়াল। আর তারপরেই একে একে মানুষকে আক্রমন করা শুরু করে। আক্রান্ত ৬ জন। ঘটনাটি ঘটেছে ঝালদা বনাঞ্চলের ইচাগ গ্ৰামে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি শিয়াল গ্ৰামে ঢুকে পড়ে। হামলা চালায় গ্ৰামবাসীদের উপর। আহত হন ৬ জন গ্ৰামবাসী। তাঁদের মধ্যে আট বছরের একটি নাবালিকা রয়েছে। আহতদের ক্ষতিপূরণের দেওয়ার কথা বলেছে বনবিভাগ। স্থানীয়রা এদিন বন দফতরের সহায়তায় আহতদের উদ্ধার করে ঝালদা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়ার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে কংসাবতী নর্থ ডিভিশনের ডিএফও মদিত কুমার বলেন, আহত ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়েছে।
গোটা এলাকায় চালানো হচ্ছে নজরদারি। এই বিষয়ে গ্ৰামবাসীরা বলেন, হঠাৎ করেই ওই শিয়ালটি আক্রমণ করে। কোনও কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে। বনবিভাগের পক্ষ থেকে তাদের যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। শিয়ালটিকে আপাতত ঝালদা বনাঞ্চলের মেস্যা জঙ্গলে নজরদারিতে রাখা হয়েছে। বন দফতরের অনুমান, শিয়ালটি বানসা জঙ্গল থেকে এসেছে। তবে আক্রমণের আসল কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা।
