বিনোদন
অনেকের মতে বাংলায় গণপতি পুজো শুরু হয় উত্তম কুমারের হাত ধরে
বাঙালি আবেগপ্রবণ জাতি। কয়েক বছর আগেও ১ বৈশাখ ছিল বাঙালির কাছে গনেশ পুজোর দিন। বর্তমানে অবশ্য মহারাষ্ট্রের অনুসরনে বাংলার সর্বত্র এই তিথিতে গনেশপুজো হয়। একাংশের আবার আক্ষেপ, বাঙালিরা নিজের শিকড়-সংস্কৃতি ভুলেছে। আক্ষেপ-অভিযোগ যাই হোক, আজকাল কলকাতার পাশাপাশি জেলাশহরেও গণেশ চতুর্থী ধুমধাম করে পালিত হয়। তবে জানেন কি, বাংলায় চতুর্থী উপলক্ষে গণেশ পুজোর চল শুরু হয় বাঙালির একমেবাদ্বিতীয়ম ‘ম্যাটিনি আইডল’ উত্তম কুমারের হাত ধরেই? সময়কাল ছয়ের দশক। গোটা মুম্বই গণপতিকে স্বাগত জানানোর জন্য সেজে উঠেছিল। উৎসবের আবহে উত্তম কুমার তখন মায়ানগরীতে ‘ছোটি সি মুলাকাত’ ছবির শুটিংয়ে ব্যস্ত। চারদিকে এমন উৎসবের আমেজ দেখে মহানায়কও নিজের বাড়িতে সাড়ম্বরে লম্বোদরের আরাধনার করার মনস্থ করেন।
আরও চমকপ্রদ ব্যাপার ঘটে একদিন ভোরবেলায়। উত্তম কুমার স্বপ্ন দেখেন তিনি গণেশ পুজো করছেন। তড়িঘড়ি ঘুম থেকে উঠে গোটা বিষয়টা সুপ্রিয়াদেবীকে জানান। এরপরই ময়রা স্ট্রিটের বাড়িতে নিজহাতে গণপতির মূর্তি প্রতিষ্ঠা করেন মহানায়ক। শোনা যায়, কোনও পুরোহিত নন, নিত্যপুজোর ভার নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন উত্তম। রোজ স্নান করে শুদ্ধবস্ত্রে পুজো করতে বসতেন। নিয়মমাফিক নিত্যপুজোর সামগ্রীও আসত তাঁর নির্দেশেই।
