'আমি বেঁচে আছি' - রাজা মুরাদ
মাঝে মাঝেই সমাজ মাধ্যমে মিথ্যা কথা ছড়িয়ে অনেকে আনন্দ পান। এমন কি কারোর মৃত্যু নিয়েও তারা মিথ্যা বলতে পিছুপা হন না। এবার যা হয়েছে বিশিষ্ট অভিনেতা রাজা মুরাদকে নিয়ে। শেষ পর্যন্ত নিজের জীবিত থাকার খবর নিজেই জানালেন সংবাদ মাধ্যমকে। শুক্রবার মুম্বইয়ের অম্বোলি থানায় অভিযোগ দায়ের করলেন অভিনেতা রাজা মুরাদ। অভিযোগ, তাঁর মৃত্যুর ভুয়ো খবর সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করা হয়েছে যা ভাইরাল হয়ে গিয়েছে। নিজের জীবিত থাকার ব্যাখ্যা দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছেন তিনি। এই গোটা ঘটনায় তিনি ভীষণভাবে মর্মাহত এবং ক্লান্ত, তাই অবশেষে থানায় ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।অভিনেতার অভিযোগ, কোনও এক নেট নাগরিক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘোষণা করে দেন, রাজা মুরাদের মৃত্যু হয়েছে। ওই পোস্টে অভিনেতার জন্ম তারিখের পাশাপাশি মৃত্যু তারিখের উল্লেখও করে দিয়েছিলেন ওই নেট নাগরিক। শুধু তাই নয়, পোস্টে শ্রদ্ধা জ্ঞাপনও করা হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই বহু মানুষের ফোন আসতে শুরু করে অভিনেতার বাড়িতে। তিনি যে জীবিত, এই জবাবদিহি করতে করতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন। যিনি এই কাজ করেছেন তার মানসিকতা যে খুবই খারাপ, সেই বিষয় নিয়ে সন্দেহ নেই। এই বিষয় নিয়ে অনেকে মজা করলেও আদতে ব্যাপারটা নিয়ে ভীষণভাবে বিরক্ত অভিনেতা। অভিনেতা জানিয়েছেন, গোটা ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখছেন পুলিশ। অভিনেতার করা অভিযোগের ওপর ভিত্তি করে তদন্ত শুরু হয়ে গিয়েছে। পুলিশের তরফ থেকে রাজা মুরাদকে আশ্বস্ত করা হয়েছে, খুব শীঘ্রই অভিযুক্তকে ধরা হবে এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
