এবার সরাসরি ন্যাটোকে রুশ তেল কিনতে মানা ট্রাম্পের
শুল্ক নীতি নিয়ে আবার ট্রাম্পের চিৎকার। ফের সরাসরি মুখ খুললেন চিনের বিরুদ্ধে। ন্যাটোভুক্ত দেশগুলিকে চিনের উপর শুল্ক চাপানোর আহ্বান জানালেন তিনি। রাশিয়া যে চোরা পথে তার ঘরেই সিঁদ কেটেছে, অযথা ভারতের উপর ক্ষুব্ধ হয়েছিলেন তিনি, এতদিনে কি টের পেলেন ট্রাম্প? তাই ন্যাটো দেশগুলিকে রুশ তেল কেনা বন্ধের জন্য এবার সরাসরি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটো দেশগুলি রুশ তেল কেনা বন্ধ করলেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান হবে।
ন্যাটো দেশগুলির রুশ তেল কেনার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ন্যাটোর সদস্য দেশগুলি রুশ তেল কেনায় তিনি ‘আতঙ্কিত’। আরও বলেন, “এটি রাশিয়ার বিপক্ষে আপনাদের দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করে দেবে”। ন্যাটো সদস্যদের লেখা এক চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘'সব ন্যাটো দেশ সম্মত হলে আমি রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে তৈরি। তাঁদেরকেও একই কাজ করতে হবে। পাশাপাশি, সব ন্যাটো দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে।”
