মায়ানমারে জুন্টা গোষ্ঠীর হামলা - মৃত ১৯ পড়ুয়া
মায়ানমারে ফের মাথা চারা দিয়েছে জুন্টা গোষ্ঠী। জাতিগত সংখ্যালঘুদের একটি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, মায়ানমারের জুন্টা শনিবার পশ্চিম রাখাইন প্রদেশে বোমা হামলা চালিয়েছে। এই হামলায় বেশ কয়েকজন শিশু-সহ ১৯ পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের ঠিক পরে কিয়াউকতাও শহরের দুটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। সেখানে ১৫ থেকে ২১ বছর বয়সী ১৯ জন শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনায় আরও ২২ জন পড়ুয়া আহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “নিরীহ শিক্ষার্থীদের মৃত্যুর জন্য আমরা শোকাহত।” এটি ঘটনার জন্য সরাসরি জুন্টাকে দায়ী করেছে আরাকান আর্মি। যদিও জুন্টার তরফে এই হামলার প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি। স্থানীয় সংবাদ মাধ্যমসূত্রে জানা গিয়েছে, মায়ানমারের সামরিক জুন্টা বাহিনীর যুদ্ধবিমান, ওই আবাসিক স্কুলের উপরে প্রায় ৫০০ পাউন্ডের বোমা ফেলেছে। এক বিবৃতিতে, এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউনিসেফ। পড়ুয়া মৃত্যুর ঘটনাকে ‘নৃশংস আক্রমণ’ বলে নিন্দা করা হয়েছে ইউনিসেফের তরফে।
