ভ্রমণ
পুজোর ছুটিতে চলুন ঘুরে আসি হীরক রাজার দেশে
পুরুলিয়া মানেই বেশ কয়েকটা ছোট ছোট টিলা। কয়েকটা পাহাড়ি ঝরনা। সব মিলিয়ে অনুপম প্রকৃতি জগৎ। আর তার মধ্যে অবশ্যই প্রধান জয়চন্ডি পাহাড়। মনে আছে, হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিতের কথা? হীরক রাজার অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা চরিত্রটি সেপাই-সান্ত্রীদের নজর থেকে লুকিয়ে থাকার জন্য বেছে নিয়েছিল এক গুহা! সেই গুহাই এক বার দেখে আসবেন না কি? সত্যজিৎ রায় ছবির জন্য যখন যেমন লোকেশন প্রয়োজন হয়েছে, তেমনই বেছে নিয়েছেন। তাঁর সিনেমার দৌলতে সেই লোকেশনই স্মরণীয় হয়ে গিয়েছে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে। যেমন জয়সলমেরের সোনার কেল্লা। অথচ এই রাজ্যের বেশ কিছু স্থান সেই তালিকায় থাকলেও, তা নিয়ে তেমন শোরগোল নেই।
জানা যায়, পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে শুটিং হয়েছিল হীরক রাজার দেশের কয়েকটি দৃশ্যের। উদয়ন পণ্ডিত লুকিয়েছিল পাহাড়েরই এক গুহায়। সেই গুহা খুঁজে বার করা কঠিন, তবে পাহাড়ের সৌন্দর্য উপভোগে বেরিয়ে পড়তেই পারেন এ বছর দুর্গাপুজোর ছুটিতে। কলকাতা থেকে টানা গেলে ঘণ্টা ছয় বা সাতেকেই পৌঁছনো যায়। তবে, মাঝেমধ্যে বিরতি নিয়ে, টুকিটাকি ভ্রমণও মন্দ হবে না। ডানকুনির রাস্তা ধরে গাড়ি ছোটান সোজা বর্ধমানের দিকে। একে একে পেরিয়ে যাবে জৌগ্রাম, মসাগ্রাম, রসুলপুর। এই পথে সঙ্গ দেবে শরতের আকাশ আর কাশফুল। সব মিলিয়ে অসাধারণ হবে সেও বেড়ানো।
