আন্তর্জাতিক
ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে ইউক্রেন ভারতের হাত ধরলো
কূটনৈতিক স্তরে পায়ে পা লাগিয়ে ট্রাম্প বন্ধু মোদীর পিছনে লেগেছে। হঠাৎ তিনি বলা শুরু করেছেন ভারত রাশিয়া থেকে তেল কেনে বলেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার রসদ পাচ্ছে। মঙ্গলবার রাষ্ট্রসংঘে দীর্ঘ ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা গিয়েছি ফের এমনই অভিযোগ তুলতে। কিন্তু বুধবার সেই দাবি নস্যাৎ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানিয়ে দিলেন, ভারত এই লড়াইয়ে অনেকাংশে তাঁদের পাশেই রয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, ”আমার মতে ভারত মূলত আমাদের পাশেই রয়েছে।” তবে ভারতের রুশ জ্বালানি কেনার বিষয়টি তিনি উড়িয়ে দেননি। তাঁর ব্যাখ্যা, ”হ্যাঁ, জ্বালানি নিয়ে আমাদেরও প্রশ্ন রয়েছে। কিন্তু আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প সেটা ম্যানেজ করে নিতে পারবেন।"
মঙ্গলবার রাষ্ট্রসংঘের ৮০তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ”চিন ও ভারতই রুশ তেল কিনে বর্তমান যুদ্ধে রশদ জোগাচ্ছে।” এমন অভিযোগের এবার জবাব দিলেন জেলেনস্কি। ভারত অবশ্য বারবারই জানিয়েছে, রাশিয়ার থেকে তেল কিনে কোনও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেনি নয়াদিল্লি। পাশাপাশি পরিষ্কার করে দেওয়া হয়েছে, জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তাকে সব সময়ই ভারত প্রাধান্য দেবে। এদিকে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারাও রাশিয়ার থেকে তেল কিনছে।
