দিল্লির মতো এবার গাড়ি বিস্ফোরণ ইসলামাবাদে - মৃত অন্তত ১২
আবার ভয়ঙ্কর গাড়িবোমা বিস্ফোরণ ইসলামাবাদে। সোমবার দিল্লি আর মঙ্গলবার ইসলামবাদ। এই দুই বিস্ফোরনের মধ্যে কোনো যোগ আছে কিনা খতোয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে একটি আদালতের বাইরে বিস্ফোরণটি হয়। ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। একাধিক পাক সংবাদমাধ্যমের দাবি, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। পুলিশের তরফেও নাশকতার বিষয়টি উড়য়ে দেওয়া হচ্ছে না। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ ইসলামাবাদের একটি আদালত চত্বরের পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। তারপরই ছড়িয়ে পড়ে আগুন। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও। জানা যাচ্ছে, ঘটনার সময় সেখানে বহু মানুষের ভিড় ছিল। তাঁদের মধ্যে ছিলেন বহু আইনজীবীও। বিস্ফোরণের পরই সেখানে হুলস্থূল পড়ে যায়।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেটি ছয় কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছিল বলে খবর। কিন্তু কী কারণে বিস্ফোরণটি হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িটির মধ্যে গ্যাস সিলিন্ডার রাখা ছিল। কোনও কারণে সেটি বিস্ফোরণ হয়েছে। তবে নাশকতার দিকটিও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দমকল এবং উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
