বিনোদন
শীত পারতেই ভ্রমণবিলাসী অভিনেতা-অভিনেত্রীরা বেরিয়ে পড়েছে রাস্তায়
শীত মানেই ওদের কাছে বেড়ানোর সময়। চারিদিকে মনোরম পরিবেশ। বাতাসে উত্তুরে হাওয়া। মন আর ঘরে থাকতে চায় না। পাহাড় হোক বা সমুদ্র, শীতের মরশুমে ঘুরতে যাওয়া মাস্ট! আর ঠিক সেভাবে ঠান্ডা পড়তেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পাহাড় পাড়ি নুসরত জাহানের। সঙ্গী যশ ও ছেলে ঈশান। অন্যদিকে কাঞ্চন-শ্রীময়ীর সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে তাঁদের সমুদ্রে শীতের ছুটি কাটানোর ছবি। নিজের সোশাল মিডিয়া পেজে পাহাড় সফরের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরত। পাহাড়ের কোলে কোথায় যশের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নুসরত, তা যদিও খোলসা করেননি।
তাঁর ‘ভ্যাকেশন মুডে’র একগুচ্ছ ছবিতে দেখা যাচ্ছে ছেলে ঈশানের সঙ্গে তাঁর আদুরে ছবি। এখানেই শেষ নয়, স্বামী যশের বাহুলগ্না হয়েও একটি ছবি পোস্ট করেছেন নায়িকা। সঙ্গে রয়েছে পাহাড় ভ্রমণের নানা মুহূর্ত। মাঝে গুঞ্জন ছড়িয়েছিল যে, যশ-নুসরত জুটির দাম্পত্যে চিড় ধরেছে। যদিও সেসব গুঞ্জনে জল ঢেলে এক্কেবারে ‘লাভি ডাভি ডুয়ো’ হয়ে ফের অনুরাগীমহলে ধরা দিয়েছেন তাঁরা। এদিকে শীতের শুরুতেই স্ত্রী শ্রীময়ী চট্টরাজ, মেয়ে কৃষভি ও শাশুড়িমাকে সঙ্গে নিয়ে পুরী ভ্রমণে গিয়েছেন কাঞ্চন মল্লিক।
