Type Here to Get Search Results !

সৌদিতে বাস দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয়র মৃত্যু

 আন্তর্জাতিক 



সৌদিতে বাস দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয়র মৃত্যু 


  এমন নির্মম ঘটনায় কেঁপে উঠেছে গোটা ভারতবর্ষ। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর। রবিবার গভীররাতে এই দুর্ঘটনা ঘটে সৌদি আরবের মুফরিহাটে। মৃত ৪২ জন হায়দরাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও বহু তীর্থযাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত্রি প্রায় দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মুফরিহাটের কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই বাসে ঘুমোচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। 


  রাতভর চেষ্টার পর বাসের আগুন নিভিয়ে উদ্ধার করা হয় ঝলসে যাওয়া মৃতদেহগুলি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। সরকারিভাবে মৃতের তালিকা প্রকাশ না করা হলেও জানা যাচ্ছে মৃতদের মধ্যে ৪২ জন ভারতীয়। দুর্ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে গোটা ঘটনা মনিটর করার নির্দেশ দিয়েছেন। সৌদি আরবের ভারতীয় দূতাবাসও ঘটনা মনিটর করছে। খোঁজখবর নেওয়ার জন্য দূতাবাসের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সৌদি আরবের মদিনায় ভারতীয়দের দুর্ঘটনার খবরে আমি স্তম্ভিত। রিয়াধে আমাদের দূতাবাস এবং জেড্ডায় কনসুলেট সবরকম সহযোগিতা করছে ভারতীয় পরিজনদের। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.