আন্তর্জাতিক
তাইওয়ানকে ১ লক্ষ কোটি টাকার অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত ট্রাম্পের - ক্ষুব্ধ চিন
চিন ও তাইওয়ানের সম্পর্ক বেশ তলানিতে। এই অবস্থায় তাইওয়ানকে বিপুল অস্ত্র সরোবরাহের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার। তাই স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ চিন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চিনের সঙ্গে সংঘাতের আবহে তাইওয়ানকে ১১১০ কোটি ডলারের (প্রায় ১ লক্ষ ২৬৩ কোটি টাকা) অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসে অনুমোদন পেতে চলেছে। আমেরিকা-তাইওয়ান দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এটিই বৃহত্তম সামরিক সহযোগিতা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক বুধবার আমেরিকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র কেনার কথা জানিয়েছে।
ওই বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, প্রস্তাবিত প্রতিরক্ষা সমঝোতায় আট ধরনের সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম রয়েছে— এম-১৪২ ‘হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম’ বা হিমার্স, হাউইটজার কামান, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘জ্যাভলিন’, আত্মঘাতী ড্রোন এবং বিভিন্ন সামরিক সরঞ্জামের যন্ত্রাংশ। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আত্মরক্ষার ক্ষমতা বজায় রাখতে এবং দ্রুত প্রত্যাঘাতের পরিকাঠামো গড়ে তুলতে তাইওয়ানকে সহায়তা করছে আমেরিকা। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এটি অপরিহার্য।’’ ট্রাম্প সরকারের এই পদক্ষেপের খবর প্রকাশ্যে আসার পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং। বৃহস্পতিবার শি জিনপিং সরকারের বিদেশ দফতরের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘‘তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করার জন্য আমেরিকা বলপ্রয়োগ করলে হিতে বিপরীত হবে। তাইওয়ানকে ব্যবহার করে চিনকে নিয়ন্ত্রণ করার কৌশল একেবারেই সফল হবে না।’’
