বিনোদন
শুটিংয়ে হাতে চোট পেয়ে শুটিং বন্ধ করলেন জিৎ
দিন দুই আগে 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির শুটিং চলাকালীন হাতে চোট পান জিৎ। তারপরেই হঠাৎ শুটিং বন্ধ হয়ে যায়। স্বাভাবিক কারণেই সকলেই উদ্বিগ্ন সুপারস্টারের শরীরের বিষয় নিয়ে। কয়েকদিন আগে শুটিং সেটে দুর্ঘটনা ঘটে। যার জেরে হাতে চোট পান নায়ক। এই সপ্তাহ জুড়ে শুটিং হওয়ার কথা ছিল। তবে শুটিং পিছিয়ে যেতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানতে পরিচালক পথিকৃত্ বসুর সঙ্গে যোগাযোগ করা হলেও, উত্তর পাওয়া যায়নি। তাই ঠিক কী ঘটেছে, কবে থেকে আবার শুটিং শুরু হবে, তা বুঝতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এই ছবিতে অনন্ত সিংহ-র চরিত্র করছেন জিত্। অ্যাকশন দৃশ্যে ঠাসা এই ছবি। জিত্ যখন কোনও চরিত্র করেন, নিজেকে নিংড়ে দিতে ভোলেন না। এবারও সেভাবেই ছবির শুটিং এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে মাঝে বিরতি নিতে হতে পারে এমন দুর্ঘটনার কারণে। খোঁজ নিয়ে জানা গেল, চোট পেলেও চিকিত্সার পর একেবারে সুস্থ আছেন জিত্। এই খবর পেয়ে অনেকটা স্বস্তিবোধ করছেন জিৎ ভক্তরা।
সূত্রের খবর, শীতের মরসুমে নায়কের কিছু স্টেজ শো আছে। আপাতত সেগুলো বাতিল করার কথা ভাবেন নি। তাই নায়কের অনুরাগীদের কপালে ভাঁজ পড়ার কোনও কারণ নেই। সকলেই বেশ খুশি। ২০২৬-এ কোন নায়কের ছবি কখন আসবে তা জানার জন্য অপেক্ষা করছেন অনুরাগীরা। বছরের গোড়াতেই কাকাবাবু সিরিজের নতুন ছবি মুক্তি পাবে।বিধানসভা নির্বাচনের কারণে বছরের প্রথমভাগে ছবি মুক্তির ভিড় একটু কম থাকতে পারে। বছরের দ্বিতীয়ভাগে নায়ক জিতের ছবি কবে আসবে, তা জানার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। বাংলা ছবির সুপারস্টার জিৎ মানেই একটা আবেগ, একটা উন্মাদনা। এখন সকলেই অপেক্ষা করে আছেন তার নতুন ছবির জন্য।
