ডানলপ ব্রিজের তলাতে প্রকাশ্যে চলছে জুয়ার ঠেক
কলকাতার অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল ডানলপ। আর সেখানেই চলেছে প্রকাশ্যে জুয়ার ঠেক। সেই জুয়ার ঠেক থেকে বেসরকারি বাস সংস্থার কর্মীর ওপর হামলা ও ছিনতাই করার অভিযোগ উঠেছে। যে ঘটনাকে কেন্দ্র করে উৎসবের দিনে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। জানা গিয়েছে, ডানলপ ব্রিজের ওপর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে দিনের আলোয় প্রকাশ্যে চলছিল জুয়ার আসর। সেই আসরে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে যোগ দিয়েছিলেন। আর এই জুয়ার ঠেকের পাশেই রয়েছে বাসস্ট্যান্ড।
অভিযোগ, সেই বাসস্ট্যান্ডের সামনে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকা এক যুবকের ওপর হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম সুভাষ বসু। তিনি একটি বেসরকারি বাস সংস্থার কর্মী। তাঁর অভিযোগ, তিনি অপেক্ষা করার সময় সেই জুয়ার ঠেক থেকে কিছু দুষ্কৃতী এসে তাঁর কাছে টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকার করায় দুষ্কৃতীরা তাঁকে বন্দুকের বাট দিয়ে মারধর করে। মারধর করে তাঁর থেকে টাকা ছিনতাই করে অভিযুক্তরা চলে যায় বলে অভিযোগ। এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন আক্রান্ত ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরানগর থানায় পুলিশ। পুলিশ এসে জুয়ার ঠেক ভেঙে দেয়।
