জন্মদিনে ‘ব্যাটেল অফ গালওয়ানে’র পয়লা ঝলকেই মহাচমক দিলেন ভাইজান
কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার! কপাল ফেটে গলগলিয়ে বেরচ্ছে রক্ত। চোখে প্রতিশোধের আগুন নিয়ে সীমান্তে ‘উর্দিধারী’ সলমন খান। জন্মদিনে ‘ব্যাটেল অফ গালওয়ানে’র পয়লা ঝলকেই মহাচমক দিলেন ভাইজান। কথা দিয়েছিলেন, ‘রিটার্ন বার্থডে গিফট’ দেবেন। ২৭ ডিসেম্বর, শনিবার, সেই প্রতিশ্রুতি মতোই প্রকাশ্যে আনলেন বহু প্রতীক্ষিত সিনেমার টিজার। যে ছবি তৈরি হয়েছে বছর পাঁচেক আগের ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপটে।
ব্যাটেল অফ গালওয়ানে’র পয়লা ঝলক শুরুই হল বিরসা মুণ্ডার জয়গান গেয়ে। তারপর বজরংবলী, দেশমাতৃকার জয়ধ্বনি দিয়ে সেনাবাহিনি নিয়ে ‘কর্নেল বিকুমল্লা’ রূপী সলমন আছড়ে পড়লেন লাদাখ উপত্যকার চিন সীমান্তে। যেখানে এক গাছের গুড়ি হাতেই শয়ে শয়ে শত্রু নিধন করতে দেখা গেল ভাইজানকে!
টিজারের একেবারে শেষপাতে বলিউড সুপারস্টারের কণ্ঠে শোনা গেল, ‘মৃত্যুকে ভয় পাব কেন? মৃত্যু তো আসবেই…’। এহেন রগরগে সংলাপে কোথাও বিষ্ণোই গ্যাংকেই চ্যালেঞ্জ ছুড়লেন না তো সলমন? টিজার দেখে এমনটাই অনুমান ভাইজান ভক্তদের। আর জন্মদিনে সুপারস্টারের এহেন অবতার দেখে অনুরাগীদেরও অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! তাঁদের ভবিষ্যদ্বাণী, এই সিনেমা ৫০০ কোটির উপর ব্যবসা করবেই। সঙ্গে উপরি পাওনা হিসেবে জানা গেল রিলিজের দিনক্ষণ। ‘ব্যাটেল অফ গালওয়ান’ মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ১৭ এপ্রিল।
