Type Here to Get Search Results !

আমেরিকা এবং চিনের মধ্যস্থতায় যুদ্ধে ইতি টানলো থাইল্যান্ড-কম্বোডিয়া


আমেরিকা এবং চিনের মধ্যস্থতায় যুদ্ধে ইতি টানলো


থাইল্যান্ড-কম্বোডিয়া


  বিশ্বশান্তির জন্য বিশেষ করে দুই দেশের যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্প যে অনেক চেষ্টা করেছেন তা আমরা জানি। এবার যুদ্ধ বন্ধ করার জন্য ময়দানে চিন। তিন সপ্তাহেরও বেশি চলতে থাকা সীমান্ত যুদ্ধে ইতি টানল থাইল্যান্ড-কম্বোডিয়া। শনিবার সংঘর্ষবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে দু’দেশ। বৈঠকের পর দু’দেশের প্রতিরক্ষামন্ত্রী একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। শনিবার দুপুর থেকেই সংঘর্ষবিরতি কার্যকর হয়েছে বলে খবর। সূত্রের মারফত জানা গিয়েছে, দু’পক্ষের সংঘর্ষবিরতিতে মধ্যস্থতা করেছে আমেরিকা এবং চিন। বিশেষজ্ঞদের একাংশের মতে, ‘শান্তির কূটনীতি’তে এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে টেক্কা দিল বেজিং। চলতি মাসের শুরুর দিকে শান্তিচুক্তি ভেঙে ফের সংঘর্ষে লিপ্ত হয় থাইল্যান্ড-কম্বোডিয়া। হামলা এবং পালটা হামলায় মৃত্যু হয় বহু মানুষের। গৃহহীন হয়ে পড়েন অনেকে। যুদ্ধ থামাতে দু’দেশকে বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট।


  এরপর বৃহস্পতিবার থেকেই শান্তি ফেরাতে তৎপর হয় দুই দেশ। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকালে থাইল্যান্ডের চান্থাবুরিতে থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাথাফন নারকফানিত এবং কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী টি সেইহা বৈঠক করেন। তারপরই সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেয় দু’দেশ। চলতি বছরের জুলাই মাসে টানা পাঁচদিন যুদ্ধ চলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের মধ্যে। অন্তত ৪০ জনের মৃত্যু হয় দুপক্ষে। তিনদিন গোলাবর্ষণের পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানায় কম্বোডিয়া। যদিও সে প্রস্তাব কানে তোলেনি থাইল্যান্ড। শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি হয় দুপক্ষ। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তাঁর প্রচেষ্টাতেই হিংসা বন্ধে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.