আজ 'কল্পতরু উৎসব' - ঐতিহাসিক প্রেক্ষাপট
ঠাকুর রামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসবের জন্য আজ শুধু বাংলা বা ভারতে নয়, বিশ্বের যেখানে যেখানে রামকৃষ্ণ মিশন ও মঠ আছে সেখানেই সাড়ম্বারে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। আসুন আমরা ইতিহাসের বই ঘেঁটে সেই দিনে ফিরে যাই, যেদিন প্রথম কল্পতরু উৎসব ঘোষিত হয়।
১৮৮৬ সালের ১ জানুয়ারি অসুস্থ রামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুর উদ্যানবাটিতে ছিলেন। সেদিন শরীর কিছুটা ভালো থাকায় তিনি বিকেলে বাগানে বেড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। বিকেলে গৃহী ভক্তেরা ঠাকুরের সঙ্গে থাকেন। ভক্ত গিরিশচন্দ্র ঘোষ , অতুলকৃষ্ণ বসু , অক্ষয়কুমার সেন , বৈকুণ্ঠনাথ সান্যাল , রামলাল চট্টোপাধ্যায় , উপেন্দ্রনাথ মজুমদার রামচন্দ্র দত্ত , হারাণচন্দ্র দাস প্রমুখ গৃহী ভক্ত একটি আমগাছের তলায় কথা বলছিলেন। সেই সময় রামকৃষ্ণদেব এসে হাজির হন। গিরিশের নাম ধরে ডেকে ঠাকুর বলেন , ' গিরিশ , তুমি কী দেখছ যে অত কথা সবাইকে বলে বেড়াও ? গিরিশচন্দ্র ঠাকুরকে বলেন , " ব্যাস -- বাল্মীকি যাঁর কথা বলে শেষ করতে পারেন নি , আমি তাঁর সম্বন্ধে বেশি আর কী বলতে পারি ! " গিরিশের এই অদ্ভুত বিশ্বাসের কথা শুনে ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। গিরিশচন্দ্র উল্লাসে ' জয় রামকৃষ্ণ ' , ' জয় রামকৃষ্ণ ' বলে বারবার পায়ের ধুলো নিতে লাগলেন। রামকৃষ্ণদেব অর্ধবাহ্যদশায় হাসি মুখে সকলের উদ্দেশে বললেন , ' তোমাদের চৈতন্য হোক ! '
ভক্তবৃন্দ আনন্দে ' জয় জয় ' রবে প্রণাম করে জীবন ধন্য করতে লাগলেন। ঠাকুর সকলের বুক স্পর্শ করে বললেন, ' চৈতন্য হোক ' । অক্ষয়কুমার সেন লিখেছেন -- ' তুলিয়া দক্ষিণ হস্ত বলিলেন তিনি। / চৈতন্য হউক আর কি বলিব আমি ।। ' রামচন্দ্র দত্ত প্রমুখ ভক্তেরা এই দিনটিকে ( ১৮৮৬ সালের ১ জানুয়ারি ) ঠাকুরের ' কল্পতরু ' হওয়া বলে নির্দেশ করেছেন। কল্পতরুর কাছে যেমন যা চাওয়া যায় , তা পাওয়া যায় ঠাকুরও সেই রকম কল্পতরু হয়েছেন। রামচন্দ্র দত্তের ভাষায় " আমরা আভাসেও জানিতে পারি নাই যে , পরমহংসদেব লীলা রহস্য সমাপ্ত করিয়া আনিলেন। মনের কত আশা , কত ভরসা -- কতই হইবে। কত দেখিবে , সেই সকল যে এক কথায় সম্পূর্ণ করিয়া দিবেন , তাহা কেহ আমরা স্বপ্নেও ভাবি নাই। আমরা আনন্দ করিয়া লইলাম , আমাদের স্বার্থ চরিতার্থ হইল , শান্তি আসিয়া সকলকে অধিকার করিল। " অক্ষয়কুমার সেন ' শ্রীশ্রীরামকৃষ্ণ পুঁথি ' গ্রন্থে কল্পতরুর অপূর্ব বর্ণনা দিয়েছেন ---
" দূর থেকে সম্ভাষিয়া কিগো বলি মোহে।
পরশিয়া হস্ত দিয়া বক্ষের উপরে।।
কানে কিবা বলিলেন আছয়ে স্মরণে।
মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে।।
কী দেখিনু কী শুনিছ নহে কহিবার।
মনোরথ পূর্ণ আজি হইল আমার।।"
