বাংলায় নিপায় আক্রান্ত দুই - উদ্বেগ নয় তবে সচেতন থাকতে হবে
'নিপা'কে কেন্দ্র করে আবার কেন্দ্র ও রাজ্যের একটা সমন্বয় দেখা হেলো। নিপাকে নিয়েই কথা হলো কেন্দ্রীয় মন্ত্রীর জে পি নাড্ডার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার সাংবাদিক বৈঠক করে বাংলায় দুজনের নিপা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তাঁরা জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কল্যাণী এইমস-এর ল্যাবরেটরিতে পরীক্ষা করে তাঁদের শরীরে নিপা ভাইরাস চিহ্নিত করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য পুনেতে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্রও।
মূলত বাদুড় বাহিত এই রোগ নিয়ে আরো গবেষণা প্রয়োজন বলেই চিকিৎসকেরা মনে করেন।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এই বিষয়ে কথা বলতে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানিয়েছেন, পুরো পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কেন্দ্র থেকে একটি বিশেষজ্ঞ টিম পাঠানো হচ্ছে। বাংলায় আসছে ‘ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক টিম’। সেই টিমের সঙ্গে যাতে বাংলার স্বাস্থ্য় বিশেষজ্ঞরা সহযোগিতা করে কাজ করেন, সেই আর্জিই মমতাকে জানিয়েছেন নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বাংলার স্বাস্থ্য দফতর সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন মমতা। আর যাতে ছড়িয়ে যেতে না পারে সেই দিকে নজর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
