বীরভূমের চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের জনসভায় জনজোয়ার : প্রধান বক্তা অনুব্রত মন্ডলকে রূপোর মুকুটে সম্মাননা
বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয়৷ প্রধান বক্তা ছিলেন অনুব্রত মন্ডল৷ এদিন মঞ্চে তাঁকে রূপোর মুকুট পরিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়৷ জানা গিয়েছে, এস আই আর কে সামনে রেখে অগণিত সাধারণ মানুষের হয়রানি ও হেনস্থা এবং বিজেপির চক্রান্তের প্রতিবাদে সিউড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এইরূপ জনসভার আয়োজন৷ মঞ্চে প্রধান বক্তা এস আর ডি এ এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিনহা, মন্ত্রী চন্দনাথ সিনহা, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক, তৃণমূল ব্লক সভাপতি সুকুমার সাধু প্রমুখ৷ অনুব্রত মন্ডলের এই সভাকে ঘিরে রীতিমতো জনজোয়ারের সৃষ্টি হয়৷ এতে রীতিমতো উচ্ছ্বসিত অনুব্রত বাবু সহ তৃণমূল নেতৃত্ব৷ অনুব্রত মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব তাঁদের বক্তব্যে এস আই এর কে কেন্দ্র করে সাধারণ মানুষের হয়রানির বিষয় তুলে ধরেন৷ বিভিন্ন ইস্যুতে মূলত বিজেপি ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষ কিভাবে উপকৃত হচ্ছে তা তুলে ধরেন তাঁরা৷ জনসভায় অগণিত মানুষের ভিড় হওয়ায় দলের বিভিন্ন স্তরের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন অনুব্রত বাবু৷ আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জনগণের সমর্থন পেয়ে ভালো ফল করবে ও মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মুখ্যমন্ত্রী হবেন বলেও ঘোষনা করেন তিনি৷ পুলিশ প্রশাসনের তৎপরতাও ছিল যথেষ্ট৷ সুষ্ঠুভাবে এদিনের কর্মসূচী সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে৷(বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট)
