দিলীপ ঘোষ মহাকাল মন্দিরে অবশ্যই যাবে
আজ, শুক্রবার উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। মন্দিরের সূচনার আগেই বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, তিনি ওই মন্দিরে অবশ্যই যাবেন। গত অক্টোবরে শিলিগুড়িতে সব থেকে বড় মহাকাল মন্দির তৈরি করবেন বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত গতিতে এগিয়েছে নথির কাজ। আজ, শুক্রবার বিকেলে মন্দিরের শিলান্যাস করবেন তিনি। তার আগেই প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ সাফ জানালেন, এই মহাকাল মন্দিরেও যাবেন তিনি। তাঁর কথায়, “মন্দির কে করল, কোন দল করল সেটা কোনও বড় কথা নয়। মানুষ ভালো-খারাপ হতেই পারে। তার সঙ্গে মন্দিরের কোনও সম্পর্ক নেই। মন্দিরে সকলে যেতে পারেন। আমিও যাব মহাকাল মন্দিরে।”
দিলীপ ঘোষ মানেই বিতর্ক। দিঘার জগন্নাথ মন্দিরে তিনি গিয়েছিলেন। সেই নিয়ে বিতর্ক কম হয় নি। গতবছর রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথমন্দির দর্শন করেছেন দিলীপ। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন। তারপর থেকে দলবদলু বিজেপি ও দলের ক্ষমতাসীন শিবিরের একাংশ দিলীপকে পুরোপুরি এড়িয়ে চলার কৌশল নেয়। দীর্ঘদিন তাঁকে দলের কোনও কর্মসূচিতেও দেখা যায়নি। স্বাভাবিকভাবেই অভিমান জমেছিল দিলীপের মনেও। সম্প্রতি ছাব্বিশকে পাখির চোখ করে দিলীপের মানভঞ্জনে আসরে নামেন খোদ অমিত শাহ। তারপর থেকেই পুরনো মেজাজে ধরা দিয়েছেন দিলীপ। তবে তাতেও বিশেষ খুশি নয় দল। শীর্ষ নেতৃত্বের তরফে ফের তাঁকে সেন্সর করা হয়েছেয তারই মাঝে এবার মহাকাল মন্দিরে যাওয়ার কথা বলে নতুন করে দলবদলের জল্পনা উসকে দিলীপ। দিলীপের কাছে মন্দির কে বানালো সেটা বড় কথা নয়, মন্দিরের মধ্যে যে ঈশ্বরের মূর্তি আছেন সেটাই আসল। সেখানে ভক্তি প্রদর্শন হলো আসল লক্ষ।
