আন্তর্জাতিক
গ্রীনল্যান্ডের সকল বাসিন্দাকে এক লাখ ডলার করে দেওয়া কথা ভাবছে ট্রাম্প
অস্ত্র দিয়ে নয়, অর্থ দিয়ে গ্রীনল্যান্ডকে কিনে নেওয়ার ভাবনা আছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এদিকে গ্রীনল্যান্ডের মূল সহায়ক শক্তি ডেনমার্ক এর তীব্র প্রতিবাদ করেছে। সামরিক অভিযান তো করাই যায়! সেই বিকল্প তো রয়েইছে। কিন্তু তার আগে টাকার প্রলোভন দেখিয়ে গ্রিনল্যান্ড (Greenland) দখলের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বৃহত্তম দ্বীপের সকল বাসিন্দাকে এক লাখ ডলার করে দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনাও চলছে হোয়াইট হাউসে। যদিও গ্রিনল্যান্ডের ‘অভিভাবক’ ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা গ্রিনল্যান্ড বিক্রি করতে চায় না!জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল প্রয়োজন বলে দাবি করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টের সেই মন্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে ওয়াশিংটনে।
কি ভাবে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা যায়, কী কী বিকল্প রয়েছে, তা পর্যালোচনা করে দেখছেন মার্কিন আধিকারিকেরা। আগামী সপ্তাহেই বিষয়টি নিয়ে ডেনমার্ক প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। সেই বৈঠকের আগে গ্রিনল্যান্ডকে টাকার টোপ দেওয়া যায় কি না, সেই দিকটি নিয়ে ভাবনাচিন্তা চলছে। হোয়াইট হাউসের একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যমে দাবি করেছে, গ্রিনল্যান্ডের এখন সব মিলিয়ে ৫৭ হাজার মানুষের বাস। তাঁদের প্রত্যেককে ১০ হাজার থেকে ১ লাখ ডলার করে দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা করছেন মার্কিন আধিকারিকেরা। তাঁদের বক্তব্য, যদি গ্রিনল্যান্ডের প্রত্যেক নাগরিককে ১ লাখ ডলার করেও দেওয়া যায়, সে ক্ষেত্রে সব মিলিয়ে আমেরিকার খরচ হতে পারে ৬০০ কোটি ডলার।
