"ভারতের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত ও মজবুত (বাণিজ্য) চুক্তি হবে।” - ট্রাম্প
ট্রাম্প এবার আবার ভারতের দিকে তাকিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এখন ট্রাম্পকে প্রেডিকশন করা খুবই মুশকিল হয়ে পড়েছে। এই মুহূর্তে তার প্রধান উদ্দেশ্য রাশিয়ার সংগে ভারতের সম্পর্কের মধ্যে কিছুটা বাধা দেওয়া। যে উদ্দেশ্যে ভারতীয় পণ্যে অধিক শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তা সফল হয়েছে। তাই এবার শুল্কহার কমানো যেতেই পারে বলে মন্তব্য করলেন মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট। সুৎজারল্যান্ডে দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে স্কট বলেন, “ভারতীয় পণ্যে ২৫ শতাংশ বেশি শুল্ক চাপানোর উদ্দেশ্য সফল। রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। কিন্তু এখনও অধিক শুল্ক কার্যকর রয়েছে। আমার মনে হয়, এবার তা কমানো যেতেই পারে।” প্রসঙ্গত, দিন দুয়েক আগেই দাভোসের আন্তর্জাতিক মঞ্চে ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিয়েছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছিলেন, “ভারতের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত ও মজবুত (বাণিজ্য) চুক্তি হবে।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রশংসা করে তিনি বলেন, “আপনারা একজন দুর্দান্ত নেতা পেয়েছেন। আমি ওঁকে খুবই শ্রদ্ধা করি।”
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পরেই কিছুটা আশার আলো দেখছিলেন ভারতীয় কূটনীতিকেরা। স্কটের মন্তব্যের পর তা আর একটু জোরালো হল বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, রাশিয়া থেকে অশোধিত তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের উপরে বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প। ফলে এ দেশের পণ্যের তাদের মোট শুল্ক ৫০ শতাংশ। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির অন্যতম শর্ত হিসেবেও রুশ তেলের আমদানি বন্ধ করার চাপ রয়েছে নয়াদিল্লির উপর। ট্রাম্প প্রশাসনের চাপের মুখে নয়াদিল্লি অবশ্য বার বারই জানিয়ে এসেছে, দেশের উপভোক্তাদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে তারা। তার পরেই রাশিয়ার থেকে তেল কেনা কিছুটা কমিয়ে দেয় ভারত। খুশি ট্রাম্প।
