মৃত ভেবে নিয়েছিল পরিবার! SIR-এর জন্য নথি নিতে ২৯ বছর পর বাংলা থেকে উত্তরপ্রদেশ ফিরলেন বৃদ্ধ
প্রায় তিন দশক ধরে যাঁকে পরিবার মৃত (Presumed Dead) বলেই ধরে নিয়েছিল, সেই লোকটিই হঠাৎ গ্রামে ফিরে এসে সবাইকে চমকে দিলেন! কথা হচ্ছে ৭৯ বছরের শরিফ আহমেদের (Sharif Ahmed)।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফ্ফরনগরের খাটাউলির বাসিন্দা শরিফ বহু বছর ধরে থাকেন পশ্চিমবঙ্গে (West Bengal)। সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর (SIR) জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতেই ফের নিজের জন্মভূমি উত্তরপ্রদেশে পা রাখেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৯৯৭ সালে প্রথম স্ত্রীর মৃত্যুর পরে দ্বিতীয় বিয়ে (Second Marriage) করে পশ্চিমবঙ্গে চলে যান শরিফ। তারপর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ ছিল না। বহুবার খোঁজ চালিয়েও তাঁকে পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গে গিয়েও পরিবারের চেষ্টা ব্যর্থ হয়। শেষমেশ চার কন্যা-সহ পরিবারের সদস্যরা ধরে নেন, তিনি আর বেঁচে নেই।
কিন্তু গত ২৯ ডিসেম্বর আচমকাই খাটাউলিতে ফিরে আসেন শরিফ। তাঁর ভাইপো ওয়াসিম আহমেদের কথায়, “দীর্ঘদিন কোনও খবর না থাকায় আমরা ধরে নিয়েছিলাম তিনি আর নেই। হঠাৎ তাঁকে সামনে দেখে সবাই আবেগে ভেঙে পড়ি।”
শরিফ নিজেই জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়ায় নথির প্রয়োজন হওয়াতেই তাঁকে বাধ্য হয়ে নিজের গ্রামের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। সেই সূত্রেই তিনি ফিরেছেন।
তবে এই প্রত্যাবর্তন আনন্দের পাশাপাশি বেদনাও নিয়ে এসেছে। এত বছরে বাবা, ভাই-সহ পরিবারের বহু ঘনিষ্ঠ সদস্য যে আর নেই, তা জেনে শোকাহত হন তিনি।
সংক্ষিপ্ত সফর শেষে শরিফ আবার ফিরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়, যেখানে বর্তমানে তিনি পরিবার নিয়ে বসবাস করেন। সেখানেই এসআইআর সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবেন বলে জানা গিয়েছে।
.jpeg)