আমেরিকার সঙ্গে ভারতের নতুন শুল্ক চুক্তি হলে বিপাকে পড়বে বাংলাদেশ
ভারতের বাণিজ্য শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প। ফলে ভারতীয় দ্রব্যের দাম অনেকটাই কমবে আমেরিকায়। এই অবস্থায় খুবই চিন্তিত বাংলাদেশ। বিশেষ করে আমেরিকায় বাংলাদেশের বস্ত্রশিল্পের যে বিরাট বাজার তার অনেকটাই হয়তো চলে আসবে ভারতের হাতে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। সূত্রের খবর, তার তিন দিন আগে, আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্যচুক্তি (বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি বা বিজেইপিএ) স্বাক্ষরিত হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের একটি বড় অংশের অভিযোগ, চুক্তির খসড়ায় কী লেখা আছে, কোন কোন শর্তে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, এই সব বিষয়ে তাঁরা কিছুই জানেন না। অন্তবর্তী সরকারের মেয়াদ ফুরোনোর ঠিক আগেই কেন এই চুক্তি হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।
চলতি মাসেই বাণিজ্যচুক্তি নিয়ে যৌথ বিবৃতি দেবে ভারত এবং আমেরিকা। চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা মার্চে। সূত্রের খবর, তার পর থেকেই আমেরিকায় পণ্য রপ্তানিতে ১৮ শতাংশ শুল্ক দিতে হবে ভারতকে। এই পরিস্থিতিতে পড়শি চিন, বাংলাদেশ এবং পাকিস্তানের তুলনায় ভারতীয় পণ্যেই শুল্কহার সবচেয়ে কম হতে চলেছে আমেরিকায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আশঙ্কা, এতে ভারতের বস্ত্র ব্যবসায়ীরা বেশি লাভবান হবে। লোকসানের মুখে পড়তে পারেন বাংলাদেশের ব্যবসায়ীরা। প্রসঙ্গত, বাংলাদেশের অর্থনীতির ভীষণ ভাবে নির্ভরশীল বস্ত্রশিল্পের উপর। বাংলাদেশে রপ্তানিকৃত রেডিমেড পোশাকের ৯০ শতাংশই যায় আমেরিকায়। কিন্তু ইউনুস সরকারের এই বাণিজ্যচুক্তি নিয়ে তাঁরাই অন্ধকারে।
