ফেব্রুয়ারির শেষেই রাজ্যে ভোটের দামামা, নজর ১-২ দফার দিকে
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রহর গোনা শুরু। নবান্ন ও কমিশন সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ বা মার্চ মাসের শুরুতে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ই মে, তার আগেই সম্পন্ন করতে হবে সরকার গঠনের প্রক্রিয়া।
২০২১ সালের ধারা বজায় রেখেই এবারও ফেব্রুয়ারির শেষে দিনক্ষণ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে সবথেকে বড় চমক হতে পারে দফার সংখ্যায়। গতবারের ৮ দফার বদলে এবার সম্ভবত মাত্র ১ বা ২ দফাতেই ভোট করানোর পরিকল্পনা চলছে।
বর্তমানে রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধনের (SIR) কাজ চূড়ান্ত পর্যায়ে। জানুয়ারির শুরুতেই প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। প্রশাসনিক এই তৎপরতার সমান্তরালে রাজনৈতিক ময়দানেও পারদ চড়ছে; তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট ইতিমধ্যেই নিচুতলায় প্রচার ও সংগঠন গোছানোর কাজ শুরু করে দিয়েছে। কমিশনের লক্ষ্য, এপ্রিলের শেষ বা মে-র প্রথম সপ্তাহের মধ্যেই গণনা সেরে ফেলা।
