কাল(বৃহস্পতিবার ) বাংলাদেশে নির্বাচন- ভারত বাংলাদেশ সীমান্তে নাকা চেকিং
আগামীকাল অর্থাৎ ১২ ফেব্রুয়ারি হতে চলেছে বাংলাদেশের নির্বাচন। শেখ হাসিনা সম্রাজ্যর পতনের পরে মহম্মদ ইউনিসের নেতৃত্ব নতুন করে নির্বাচন। বাংলাদেশের নির্বাচনের অশান্তির আঁচ থেকে সুরক্ষিত রাখতে সীমান্ত রোডে পুলিশের নাকা চেকিং। আর একদিন পরেই বাংলাদেশে নির্বাচন। শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে এটি প্রথম নির্বাচন হতে চলেছে। হাসিনা বিদায়ের পর থেকেই গোটা বাংলাদেশ জুড়ে অশান্তি ও অস্থিরতার ছবি সামনে আসছে। তারই প্রেক্ষিতে এ রাজ্যেও সতর্কতা জোরদার করা হয়েছে। এসআইআর জারি থাকার পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও কড়া করা হয়েছে, যাতে অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক বা কোনও দুষ্কৃতী পরিস্থিতির সুযোগ নিয়ে অঘটন ঘটাতে না পারে। এই পরিস্থিতিতে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে সীমান্তে নাকা চেকিং শুরু হয়েছে।
বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিয়াহাট আউটপোস্টের তত্ত্বাবধানে ঘোজাডাঙ্গা-কাটিয়াহাট সীমান্ত রোডের লবঙ্গ মোড়ে চলল কড়া তল্লাশি। বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল প্রামাণিকের নির্দেশে, কাটিয়াহাট আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ সরকারের নেতৃত্বে এবং এএসআই ভকিল রায়ের সহযোগিতায় এই নাকা চেকিং চালানো হয়। এদিন প্রতিটি গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের বৈধ নথিপত্র খতিয়ে দেখা হয়। শুধু কাগজপত্র দেখেই ছাড়া হয়নি। গাড়ির ডিকি খুলে ভিতরের দিকও তল্লাশি করা হয়েছে, কোনও সন্দেহজনক জিনিস বা অবৈধ অনুপ্রবেশের ইঙ্গিত আছে কি না, তা যাচাই করতে।
