অন্যান্য বছরের মতো পবিত্র রমজান উপলক্ষে পিছিয়ে পড়া ইসলাম ধর্মের মানুষদের জন্য বিশেষ খাদ্য সরবরাহের কথা ঘোষণা করা হলো নবান্ন থেকে। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে অতিরিক্ত আর্থিক চাপ থেকে কিছুটা স্বস্তি দিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। নবান্ন সূত্রের খবর, অন্ত্যোদয় অন্ন যোজনা (এএওয়াই) এবং বিশেষ অগ্রাধিকার গৃহস্থালি (এসপিএইচএইচ) পরিবারগুলিকে এই বিশেষ সুবিধা দেওয়া হবে। এর আগেও রমজান মাসে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এবারও সেই ধারাবাহিকতায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ভর্তুকিযুক্ত দামে সরবরাহ করার। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সপ্তাহ থেকে আগামী ১৯ মার্চ পর্যন্ত সুবিধাভোগীরা এই বিশেষ রেশন (Ration) প্যাকেজ সংগ্রহ করতে পারবেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নিজ নিজ ন্যায্য মূল্যের রেশন দোকান থেকে পণ্য নিতে হবে।
খবরে প্রকাশ, দাম নির্ধারির হয়েছে - গম প্রতিকেজি ৩০ টাকা, চিনি প্রতিকেজি ৩২ টাকা, ছোলা ৬৫ টাকা প্রতি কেজি। খাদ্য ও সরবরাহ দপ্তরের সূত্রে জানানো হয়েছে, রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলি অতিরিক্ত চাপ ছাড়াই পবিত্র মাসটি পালন করতে পারেন। রাজ্যজুড়ে সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে রেশন (Ration) ডিলারদের প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে দফতর। কোনও যোগ্য সুবিধাভোগী যাতে বঞ্চিত না হন, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। স্পষ্ট করে বলা হয়েছে, শুধুমাত্র নির্দিষ্ট রেশন কার্ডধারীরাই এই সুবিধা পাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই নিকটবর্তী রেশন দোকান থেকে পণ্য সংগ্রহ করতে হবে।