আন্তর্জাতিক
বদলা চাইছে আফগানিস্তান
ইতিমধ্যে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে যুদ্ধ বেধে গেছে। এবার সেই যুদ্ধ বৃহত্তর রুপ নিতে চলেছে। মারের বদলা মার। আফগানিস্তানের মাটিতে পাক এয়ারস্টাইকের পালটা জবাবে শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে ভীষণ যুদ্ধ। আফগানিস্তানের বিরুদ্ধেও যুদ্ধের ঘোষণা করেছে পাকিস্তান। এহেন পরিস্থিতির মাঝেই শাহবাজ-মুনিরদের কপালে চিন্তার ভাঁজ বাড়াল তালিবানের বিশেষ স্কোয়াড। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, পাক সেনাকে উচিত শিক্ষা দিতে তালিবান নিজেদের ‘সুইসাইড স্কোয়াড’কে সক্রিয় করেছে। অতীতে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকাকে আফগানিস্তান ছাড়া করতে সক্রিয় ভূমিকা ছিল এই স্কোয়াডের। দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মাঝেই আফগানিস্তানের সরকারি নিউজ এজেন্সি ‘বখতর নিউজ’ এক রিপোর্ট প্রকাশ করেছে। তাদের তরফে, ফিদায়েঁ যোদ্ধাদের ব্যাটেলিয়ানের একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে রয়েছে ফিদায়েঁ যোদ্ধারা। নিরাপত্তাবাহিনীর সূত্রের দাবি করে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, নির্দেশ পেলেই গাড়ি বোমা ও গুরুত্বপূর্ণ ঠিকানাগুলিতে আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুত এই যোদ্ধারা।
পাশাপাশি তালিবানের অন্যতম মুখপাত্র হামদুল্লাহ ফিতরত জানান, ডুরান্ড লাইন অর্থাৎ পাকিস্তানের সঙ্গে লাগোয়া বিতর্কিত সীমান্ত এবং খোস্ত প্রান্তে জবাবি হামলা শুরু হয়েছে। আফগান প্রশাসন সূত্রে খবর, গত রবিবার পকিস্তানি হামলার পালটা দিতে বৃহস্পতিবার রাতে পাক সীমান্ত পেরিয়ে আক্রমণ করেছে আফগানিস্তান ফৌজ। পাকিস্তানের অন্তত ১২টি পোস্ট আফগানিস্তানের দখলে এসেছে বলেও দাবি তালিবান প্রশাসনের। মৃত্যু হয়েছে পাকিস্তানের ৫৫ জন সেনা জওয়ান। সেই হামলার পালটা শুক্রবার আফগানিস্তানের একাধিক এলাকায় আক্রমণ করেছে পাকিস্তান।
