বলি-বিনোদন জগতে ঈদ উৎসব
বলিউড হোক টলিউড, আমজনতার মতোই সেলেব পাড়ায় ইদের রোশনাই। তবে মায়ানগরীতে এবার খানেদের সেলিব্রেশন নয়, বরং লাইমলাইটে পতৌদিদের ইদ উদযাপন। সইফ-করিনার বাড়িতে বিরিয়ানি ভোজ, হেঁশেলে সোহা আলি খান স্পেশাল সেমাই আর সারা-ইব্রাহিমের খুনসুঁটি। সবমিলিয়ে শাহরুখ-সলমন, আমিরদের ইদ উদযাপনকে টেক্কা দিল পতৌদি পরিবার। ইদে সলমন খানের বড় চমক! বাবা সেলিম খানকে নিয়ে গ্যালাক্সির বারান্দায় ধরা দিলেন ভাইজান। হাসপাতাল থেকে সেলিমের বাড়ি ফেরায় স্বাভাবিকভাবেই চলতিবারের ইদ খান পরিবারের কাছে আরও স্পেশাল। গ্যালাক্সির সিংহদুয়ারে জড়ো হওয়া অনুরাগীদের উদ্দেশে চিরাচরিত ভঙ্গিতে চুমু ছুঁড়ে 'আদাব-নমস্কারে' লাইমলাইট কাড়লেন ভাইজান। ফি বছর ইদের দিন শাহরুখ খানকে দেখার আশায় মন্নতের সামনে ভিড় জমান অনুরাগীরা। তবে চলতিবারে রীতিতে ছেদ! মন্নতের ছাদে দেখা গেল না দু' বা প্রসারিত করা ব্লকবাস্টার দৃশ্য! কানাঘুষো, 'কিং'-এর শুটে ব্যস্ত বাদশা। তবে শাহরুখের দেখা না পেলেও ভক্তরা তাঁর অতীত ইদের ছবিতেই দুধের স্বাদ ঘোলে মেটালেন।
তবে এবারে শাহরুখ-আমিরের ইদ উদযাপনের ছবি না দেখা গেলেও এবার পতৌদি পরিবারে কিন্তু ভরপুর উৎসবের আমেজ। সইফ-করিনার পাশাপাশি সোহা আলি খানের বাড়িতেও ভুরিভোজের এলাহি আয়োজন হয়েছিল। হেঁশেল থেকে নিজে হাতে রান্না করার ছবি দিলেন সোহা। সঙ্গতে স্বামী কুণাল খেমু। ভাইঝি সারা আলি খানের সঙ্গেও ইদ উদযাপনের মুহূর্ত ভাগ করে নিয়েছেন পিসি সোহা আলি খান। বিশেষ দিনে সাদা সালোয়ারে সারা যেন স্নিগ্ধ সুন্দরী। সোহা বেছে নিয়েছিলেন শকিং পিঙ্ক রঙের সালোয়ার। তবে মেয়ে ইনায়ার মুখ দেখাননি অভিনেত্রী। ইদের দিনে ভাইবোনের খুনসুঁটি হিট! রং মিলান্তি পোশাকে ইব্রাহিমের সঙ্গে একফ্রেমে ধরা দিলেন সারা আলি খান। সেলেব ভাইবোনের ইদ স্পেশাল মিষ্টি ছবিতে ভালোবাসা উজাড় করে দিয়েছেন অনুরাগীরাও। তবে তাঁদের মা অমৃতাকে দেখা গেল না ছবিতে।
