অসিত মজুমদারের অনেকটাই মান ভাঙাতে সক্ষম হয়েছে দেবাংশু
এবার চুঁচুড়ার প্রার্থী দেবাংশু, তিনবারের বিধায়ক অসিত মজুমদার আর নয়। স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ অসিত জানিয়ে দিয়েছিলেন এবার তিনি রাজনীতি অবসর নেবেন। অসিত মজুমদারের মান ভাঙাতেই তার বাড়িতে উপস্থিত দেবাংশু। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের। বৈঠকের পর দেবাংশু সাংবাদিকদের জানান সেকথা। তৃণমূল প্রার্থী দেবাংশু বলেন, “অসিতদার সঙ্গে পুরনো পরিচয়। আমন্ত্রণে এসেছি। বৈঠক করেছি। স্বাভাবিকভাবে তাঁর সঙ্গে রাজনৈতিক কথাই হবে। কীভাবে চলা উচিত। কীভাবে প্রচার করা উচিত সেই সাজেশন নিয়েছি। তিনি হাতের তালুর মতো চুঁচুড়াকে চেনেন। আর কেউ সেভাবে চেনেন না। দাদার থেকে সাজেশন নিয়েছি। উনি সাজেশন দিয়েছেন। আমি নোট করেছি। আবার দু’দিন পর আসব। দরকার হলে ডায়েরিতে নোট করে নেব।”
অসিত মজুমদার বলেন, “ও আমার প্রায় সন্তানের মতো। আমার মেয়ের বয়স ৪০। ওর বয়স তার কম। ও অনুরোধ করেছে আমি ওর পাশে আছি। আমি তৃণমূলের প্রার্থী জিতুক, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী হোন আশার আশা এটা। তার জন্য যা করার করব।” একসঙ্গে কি ভোটের ময়দানে দেখা যাবে দেবাংশু ও অসিত মজুমদারকে? জবাবে অসিতবাবু বলেন, “দেখবেন, আজ অথবা কাল নিশ্চয়ই দেখতে পাবেন। সময় বলবে।” অসিত আরও বলেন, “চুঁচুড়া-সহ গোটা রাজ্যে আরও বড় খেলা হবে।” বলে রাখা ভালো, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে অসিত মজুমদারের। তারপরেই কি মানভঞ্জন হল বর্ষীয়ান নেতার, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। এখন দেখার শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায়!
