এবার কি ইরান বন্ধ করে দেবে বিশ্বের ধমনি - ইন্টারনেট পরিষেবা
বেশ অনেকদিন ধরেই চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। যুদ্ধ ছিল মূলত তেল কে নিয়ে। এবার কি তা আরো ছাড়াতে চলেছে! বিশ্বের বড় অংশে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে তেহরান। কীভাবে? হরমুজ প্রণালীর নিচ দিয়ে গিয়েছে ইন্টারনেট সংযোগের প্রধান কেবল (Hormuz Internet Cables)। সমর বিশেষজ্ঞদের অনুমান, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় কোণঠাসা ইরান হরমুজের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট সংযোগ ছিন্ন করতে পারে। সেক্ষেত্রে মুহূর্তে ভেঙে পড়বে ভারত-সহ বিশ্বের অসংখ্য দেশের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা। হরমুজ প্রণালী তলদেশ দিয়ে যেমন ইন্টারনেট কেবল গিয়েছে, তেমনই আরেক প্রণালী বাব এল-মান্ডেবের নিচ দিয়েই গিয়েছে অন্তর্জাল সংযোগ। আশঙ্কার কথা হল ইরানের মদতপুষ্ট লেবাননের জঙ্গি সংগঠন হাউথি হুঁশিয়ারি দিয়েছে, লোহিত সাগরের প্রণালী বাব এল-মান্ডেবে হামলা চালিয়ে অবরুদ্ধ করে দেবে তারা।
'সভ্যতার ধমনী’ দুই প্রণালী বন্ধ হলে তীব্র জ্বালানির অভাব তৈরি হবে বিশ্বজুড়ে। পাশাপাশি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে বাস্তবেই সভ্যতার সংকট দেখা দেবে। সামরিক বিশেষজ্ঞদের চিন্তা, ইচ্ছাকৃত অন্তর্জাল সংযোগ বিচ্ছিন্ন করা না হলেও মিসাইল হামলার জেরে দুর্ঘটনাবশত ক্ষতিগ্রস্ত হতে পারে সমুদ্রগর্ভস্থ কেবল লাইন।বৈশ্বিক টেলিকম, ডেটা সেন্টার এবং ডিজিটাল পরিকাঠামো শিল্পের সংবাদ সংক্রান্ত ওয়েবসাইট ক্যাপাসিটি গ্লোবাল জানিয়েছে, লোহিত সাগরের মধ্য দিয়ে সতেরোটি ‘সাবমেরিন কেবল’ গিয়েছে। এই কেবলগুলো ইউরোপ, এশিয়া ও আফ্রিকাকে সংযোগকারী ইন্টারনেট ট্র্যাফিকের সিংহভাগ বহন করে থাকে। এতএব, এর গুরুত্ব যে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না।
