বিনোদন
ভোটে জিতলে প্রচুর গ্যাস সিলিন্ডার বিলাবে বিজয়
সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মামল্লাপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবেন তিনি। সেহেতু তাঁর দল যদি ক্ষমতায় আসে তবে ৬০ বছরের বেশি বয়সের মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে দেবে তাঁর সরকার। এছাড়া ‘অন্নপূর্ণি সুপার ৬’ নামে প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে বছরে ৬টি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। যার লক্ষ্য হবে পরিবারের উপর থেকে আর্থিক বোঝা কমানো। প্রচারের ময়দানে থলপতি বিজয়ের এহেন মাস্টারস্ট্রোকই এখন চর্চায়। বর্তমানে জোর কদমে প্রচার চালাচ্ছেন বিজয়। টিভিকে সুপ্রিমো জানিয়েছেন, ভোটে জিতলে পরিবার পিছু ছয়টি করে গ্যাস সিলিন্ডার বছরে দেওয়া হবে। দেশ জুড়ে যখন গ্যাস সংকট, তখন আমজনতার নাড়ি বুঝে ঠিক সুতোতেই টান দিয়েছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এছাড়াও স্কুলছুট কমাতে ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ভালো শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।