পশ্চিম এশিয়া জ্বলছে। ইজরাইল ও ইরানের যুদ্ধ আমেরিকা ও ইরানের যুদ্ধে পরিনত হয়েছে। এদিকে আমেরিকাকে সমর্থন করে এবার ইরান যুদ্ধে নামছে স্পেন। বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এমনটাই দাবি করেছিলেন। কিন্তু সেই মার্কিন দাবি খারিজ করে দিল মাদ্রিদ। স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সাফ জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত। ইরান যুদ্ধে নিজেদের সামরিক ঘাঁটিগুলি আমেরিকাকে ব্যবহার করতে দেয়নি স্পেন। এর জেরে মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছে মাদ্রিদ। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে মাদ্রিদ ঘোষণা করে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে তাদের একটাই অবস্থান। ‘নো ওয়ার’ অর্থাৎ ‘যুদ্ধ নয়’।
এরপরই বুধবার ক্যারোলিন একটি বিবৃতিতে দাবি করেন, ইরান যুদ্ধে মার্কিন সেনাকে সমর্থন করতে রাজি হয়েছে স্পেন। তিনি বলেন, “ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছিলেন। আমার মনে হয়, তারা তা শুনেছে। স্পেন মার্কিন সেনাবাহিনীকে সহযোগিতা করতে রাজি হয়েছে।” তবে মার্কিন প্রেস সচিবের এই দাবি খারিজ করে দিয়েছে স্পেনের বিদেশমন্ত্রী। তিনি একটি রেডিও বার্তায় বলেছেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরানে হামলা এবং স্পেনের ঘাঁটি ব্যবহার নিয়ে আমাদের সরকারের অবস্থান এক বিন্দুও পরিবর্তিত হয়নি। ইরান যুদ্ধে স্পেন জড়াবে না। কোনও প্রশ্নই ওঠে না।”