এই ঘটনায় বিস্মিত হয়েছে নির্বাচন কমিশন সহ নাগরিক মহল। Gen-Z(নতুন প্রজন্ম) কি ভোটে উৎসাহ হারাচ্ছে? এমন প্রশ্ন অনেকের মনেই। এরাই তো ভবিষ্যতে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু সেই উৎসাহ কথায়! ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা খতিয়ে দেখতে গিয়েই সামনে এসেছে উত্তর ২৪ পরগনা জেলার এক তাৎপর্যপূর্ণ এবং কিছুটা উদ্বেগজনক ছবি। জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারের সংখ্যা একেবারে শূন্য। জানা গেছে, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল ১৬ ডিসেম্বর ২০২৫। এরপর প্রায় দু’মাস সময় দেওয়া হয় নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার জন্য। নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রথমবার ভোটার হিসেবে নাম তোলার জন্য ‘ফর্ম-৬’ পূরণ করে আবেদন করার সুযোগ ছিল। অবশেষে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য বলছে, উত্তর ২৪ পরগনার কয়েকটি বিধানসভা কেন্দ্রে সেই সুযোগ কার্যত কেউই নেননি।
ওই জেলার বাদুড়িয়া, হাবড়া, নৈহাটি, নোয়াপাড়া, দমদম এবং বসিরহাট উত্তর, এই ৬টি বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারের আবেদন সংখ্যা শূন্য। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে ওই কেন্দ্রগুলিতে একজনও নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার আবেদন করেননি। যদিও এখনও ফর্ম-৬ জমা নেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে। অন্যদিকে, জেলার গাইঘাটা বিধানসভা কেন্দ্রেও নতুন ভোটারের সংখ্যা কার্যত নেই বললেই চলে, সেখানে নতুন ভোটার মাত্র একজন। তবে একই জেলার মধ্যে সম্পূর্ণ ভিন্ন চিত্রও দেখা গেছে। নতুন ভোটারের সংখ্যায় এগিয়ে রয়েছে বিধাননগর বিধানসভা কেন্দ্র, যেখানে ৩ হাজার ৩৯৮ জন নতুন ভোটার নাম নথিভুক্ত করেছেন। এর পরেই রয়েছে রাজারহাট নিউটাউন, যেখানে নতুন ভোটারের সংখ্যা ২ হাজার ৫৪৩। এই নতুন ভোটারের অংকটা নিয়ে সন্দীগ্ধ ভোট কুশলিরা।