Type Here to Get Search Results !

বিয়ে করলেন কুম্ভমেলায় হঠাৎ বিখ্যাত হয়ে ওঠা মোনালিসা



  আমাদের সকলেরই স্মরণে আছে সেই মোনালিসাকে যিনি কুম্ভ মেলায় শুধুই রুদ্রাক্ষের মালা বিক্রি করতে গিয়ে বিখ্যাত হয়েছিলেন। সেই মোনালিসাই এবার বিয়ে সেরে ফেললেন পুভারের একটি মন্দিরে। বিয়ে করলেন তাঁর মুসলিম বন্ধুকে। আর বিয়ের জন্য তিনি পুলিশের নিরাপত্তাও প্রার্থনা করেছেন। জানা গিয়েছে, বুধবার কেরলের পুভরের অরুমানুরের নৈনার মন্দিরে সম্পূর্ণ হিন্দু রীতিনীতি মেনেই প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা। যদিও এই বিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কারণ বিয়ের ঠিক আগের মুহূর্তে অর্থাৎ বুধবার সকালের দিকে সটান থানায় হাজির হয়েছিলেন মোনালিসা এবং তাঁর সঙ্গী। তখনই এই বিয়ের ব্যাপারটি প্রকাশ্য়ে আসে। আসলে থাম্পানুর থানায় গিয়ে নিজের বাবার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন তিনি। মোনালিসা জানান যে, তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাঁর বাবা। 


  প্রাপ্তবয়স্ক মোনালিসা: মোনালিসা এবং তাঁর সঙ্গী যখন থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন, তখন তাঁদের সঙ্গে ছিলেন চলচ্চিত্র দলের সদস্যরাও। অভিযোগ, ভিন ধর্মের এই সম্পর্ক একেবারেই মানতে চায়নি মোনালিসার পরিবার। বরং মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে প্রস্তুত ছিল তারা। মোনালিসা দাবি করেন যে, নিজের সঙ্গীকে ছেড়ে দেওয়ার জন্য বারবার চাপ আর হুমকি আসছিল তাঁর পরিবার থেকে। এখানেই শেষ নয়, মোনালিসাকে ফিরিয়ে নিয়ে গিয়ে নিজেদের পছন্দ করা পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্যও পরিকল্পনা করেছিলেন মোনালিসার বাবা। তবে এই গোটা ঘটনায় মোনালিসার আত্ম-সঙ্কল্পের অধিকার রক্ষার পক্ষেই ছিল পুলিশ। এক পুলিশ অফিসার এই প্রসঙ্গে বলেন যে, মোনালিসা জোর দিয়ে জানিয়েছেন, তিনি তাঁর বাবার সঙ্গে ফিরে যেতে চান না। আর এটাও পরিষ্কার করে দিয়েছিলেন যে, তিনি তাঁর প্রেমিককেই বিয়ে করতে চান। যেহেতু মেয়েটি প্রাপ্তবয়স্ক, তাই নিজের পছন্দমতো কাজ করতে পারেন তিনি। এদিকে পুলিশ মোনালিসার পাশে দাঁড়ানোয় একপ্রকার নিরাশ হয়েই নিজের বাড়ি ফিরে গিয়েছেন মোনালিসার বাবা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.