টালিগঞ্জের বিধায়ক মন্ত্রী অরূপ বিশ্বাস গেলেন রাহুলের বাড়ি
কেউই বিশ্বাস করতে পারছে না মাত্র ৪৩ বছর বয়সে অমন উদয়মান প্রতিভাধর একজন শিল্পীর মৃত্যু ঘটবে। তাই রবিবার সন্ধ্যায় ওই খবর আসতেই সম্পূর্ণ ভেঙে পরে ইনডাস্ট্রি, নাগরিক মহল ও রাহুলের পরিবার। এই কঠিন পরিস্থিতিতে পাশে এসে দাঁড়িয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। টালিগঞ্জের বিধায়ক আশ্বাস দিয়েছেন, মরদেহ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন তাঁরা। রবিবারের সন্ধ্যায় রাহুলের প্রয়াণের খবর আসতেই কান্নার রোল বিজয়গড়ে তাঁর পাড়ায়। প্রতিবেশীদের অনেকে এখনও বিশ্বাসই করে উঠতে পারছেন না। কেউ-বা রাহুলের ছোটবেলার স্মৃতি হাতড়ে দেখছেন। পাড়ায় ক্রিকেটে মাতিয়ে রাখতেন, সবার সঙ্গে মিশতে জানতেন।
গ্ল্যামার জগৎ সহ বন্ধু-বান্ধব ও অন্যান্য অনেকেই রবিবার রাতে পৌঁছে গোয়েছিলেন দিঘার হসপিটালে। এই পরিস্থিতিতে সব রকম ভাবে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস। টালিগঞ্জের বিধায়ক বলেন, “অত্যন্ত দুঃখের খবর। আমরা সবাই ওঁর পরিবারের পাশে আছি। খবর পাওয়ার পরই আমরা এখানে চলে আসি। ওঁর মায়ের পাশে আমাদের লোকেরা আছে। যাঁরা দিঘায় আছেন, তাঁদের সঙ্গে কথা হয়েছে।” উল্লেখ্য, শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ বিনোদুনিয়া থেকে সাধারণ মানুষ। অনেক মানুষ খবরটি প্রথমবার শুনে বিশ্বাস করতে পারছেন না। বড়পর্দা, ছোটপর্দা ও থিয়েটারে অবাধ বিচরণ ছিল বছর তেতাল্লিশের রাহুলের। শুটিংয়ের পর তিনি সমুদ্রে নামলে আচমকা তলিয়ে যান।
