ভোটের আগে ফের ধাক্কা তৃণমূলে - সোনামুখী পৌরসভা অঞ্চলে ২০০ জন তৃণমূল, সিপিএম কর্মী যোগ দিলেন বিজেপিতে
ভোটের আগে রাজনৈতিক শিবিরের পালা বদল এখনও অব্যাহত। এবার সোনামুখী পৌরসভার অন্তর্গত সোনামুখী বাজারের বিজেপি কার্যালয়ে অন্তত ২০০ জন তৃণমূল ও সিপিএম কর্মী যোগ দিলেন বিজেপিতে। বিজেপির স্থানীয় কনভেনার চঞ্চল সরকারের হাত ধরেই হয় এই পরিবর্তন। এই অঞ্চলটি মূলত তপশিলী প্রধান ও বিজেপির গড় হিসাবেই পরিচিত। ২০২১ সালে বিশাল জয় পায় বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। এই বছরও তিনিই বিজেপি প্রার্থী।
দল পরিবর্তন করা জনৈক তৃণমূল কর্মী চায়না দাস বলেন, উন্নয়নের স্বার্থে তারা সকলে বিজেপিতে যোগদান করেছে। তিনি জানান, ঘরে ঘরে ছেলে মেয়েদের চাকরি নেই। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো আমাদের টাকা। কিন্তু আসল কথা চাকরি। বিজেপি জিতলে কর্ম সংস্থান হবে। আবার সিপিএম থেকে আসা দীপক দাস বলেন, সিপিএমের এখন আর কিছু করার নেই। তৃণমূল কোনো কাজ করছে না। তাই তারা বিজেপির হাত শক্ত করতেই বিজেপিতে যোগ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এবার আসবে উন্নয়নের জোয়ার। বিজেপির সোনামুখী বিধানসভার কনভেনর চঞ্চল সরকার বলেন, এতো মানুষ একসঙ্গে বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপি অনেক শক্তিশালী হলো। অন্যদিকে সোনামুখীর তৃণমূল প্রার্থী কল্লোল সাহা বলেন, সবটাই বিজেপির নাটক। ভোটের আগে বিজেপি নাটক করছে। এইসব করে কোনো লাভ হবে না। এই বছর সোনামুখী বিধানসভা তৃণমূলের।
