আজ বিকেল ৪টে মমতাকে নিয়ে প্রকাশ পাচ্ছে ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’
মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী জীবনের কাহিনী নিয়ে ছবি করার ইচ্ছা অনেকরই ছিল ও আছে। কিন্তু এবার ২৫ মিনিটের ডকু ছবি প্রকাশ পাচ্ছে। তবে এটি এক রকম রাজনৈতিম ছবি বটে। ভোটের আগে বাংলায় প্রতিবারই বিরোধীরা নানা ধরনের অপপ্রচার চালান। তাতে ভোটারদের মধ্যে তুমুল বিভ্রান্তি ছড়ায়। কিন্তু সেটা সাময়িক। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই রাজ্যবাসীর পাশে আছেন, আর থাকবেনও। বাংলার মানুষের জন্য তিনি আগেও লড়াই করেছেন আর পরবর্তীতেও করবেন। তাই, রাজ্যবাসী যেন কোনওমতেই এই ধরনের কুৎসা, অপপ্রচারে কান না দেন। ঠিক এই বার্তা ছড়িয়ে দিতেই তৈরি হয়েছে একটি বিশেষ ডকু ফিচার। ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’। সময়সীমা ২৫ মিনিট। তথ্যচিত্রটির টিজার লঞ্চ হতে চলেছে আজ, বিকেল চারটের সময়। কলকাতা প্রেস ক্লাবে। আর কে এন্টারটেনমেন্টের ব্যানারে প্রস্তুত ডকু ফিচারটির প্রযোজনা করেছেন জুনেইদ খান।
জুনেইদের কথায়, ছবিতে মুখ্যমন্ত্রীর আন্দোলন, তাঁর অনশন-সহ ইতিহাসের বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। মূলত ১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়কালকে দেখানো হয়েছে। ১৯৯৩ সালে ‘দিদি’র আন্দোলন থেকে শুরু করে রাজ্য-রাজনীতিতে যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান, দলের হয়ে তাঁর মাঠে নামা-এই সব কিছুই ছবিতে দেখানো হয়েছে। আর্টিস্ট ফোরামের সদস্য জুনেইদ জানালেন, “অনেকেই জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সূচনা-পর্বের সময় থেকেই অভিষেক তাঁর ছায়াসঙ্গী। অনেক ছোটবেলা থেকেই। একটা ছোট পতাকা হাতে নিয়ে অভিষেক ঘুরে বেড়াতেন আর আন্দোলন করতেন। মাত্র চার বছর বয়স থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করেছিলেন। ছাব্বিশের নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রতি বিরোধীরা অনেক রকমের আক্রমণ করে চলেছেন। কাজেই আমি ছবিতে দেখাতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে কীভাবে আছে। দলের একজন কর্মী হিসাবে এটা আমার উপহার। একটি ইতিবাচক বার্তা দেওয়ার প্রয়াস, বলতে পারেন।”
