বিনোদন
মধ্যপ্রাচ্যের যুদ্ধ সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তার পরোক্ষ প্রভাব প্রায় প্রায় সর্বত্র। যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। ইজরায়েল, আমেরিকার যৌথ হামলায় পালটা জবাব ছুড়েছে ইরানও। ফলত ভায়বহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। এহেন যুদ্ধজিগিরে প্রায়শই বিমান পরিষেবায় ব্যঘাত ঘটছে। বিশ্ববাজারে জ্বালানি সংকটের জেরে চড়চড়িয়ে বাড়ছে উড়ানের ভাড়াও। নিত্যদিন নাকাল হতে হচ্ছে বিমানযাত্রীদেরও। আমজনতার মতো বহু সেলেবরাও আটকে পড়েন দুবাইয়ে। এবার পশ্চিম এশিয়ার যুদ্ধ জিগিরে মহাসংকটে পড়লেন দীপিকা পাড়ুকোন। বলিউড মাধ্যম সূত্রে খবর, লুই ভিত্তোঁর গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে বৃহস্পতিবার প্যারিসে উড়ে যাওয়ার কথা ছিল দীপিকার। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে একেবারে শেষমুহূর্তে উড়ান বাতিল হয়ে যায়।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়স যে ‘বলিউড মস্তানি’কে শেষমেশ প্যারিস যাওয়া বাতিল করতে হয়। যার জন্যে নির্ধারিত সময়ে চলতিবারের প্যারিস ফ্যাশন উইকেও যোগ দিতে পারলেন না দীপিকা। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, আমন্ত্রণ পেয়েই ফ্যাশন উইকে যোগ দেওয়ার তোড়জোড় শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন। বিগত দিন কয়েক ধরে নিজের টিমের সঙ্গে সাজপোশাক নিয়েও বিস্তর আলোচনা করেছেন তিনি। কিন্তু পরে জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে যে বিমানগুলি বাতিল হয়েছে, সেই তালিকায় অভিনেত্রীর উড়ানের নামও রয়েছে। উপরন্তু ইরান, ইজরায়েল-সহ গোটা পশ্চিম এশিয়ায় যেভাবে যুদ্ধের ভয়াবহতা বেড়ে চলেছে, এমতাবস্থায় প্যারিসে উড়ে যেতে মন সায় দেয়নি দীপিকার। আর সেই জন্যেই প্রতিশ্রুতি দিয়েও প্যারিস ফ্যাশন উইকে যোগ দেওয়া হল না অভিনেত্রীর।