Type Here to Get Search Results !

সঞ্জয় দত্তকে সোনায় মোড়া আইফোন উপহার দিলেন পাকিস্তানী ভক্ত


সঞ্জয় দত্তকে সোনায় মোড়া আইফোন উপহার দিলেন পাকিস্তানী ভক্ত 



  বিনোদন জগতে টাকা উড়ে বেড়ায়। আবার ভক্তদের দেখলেও অবাক হয়ে যেতে হয়। ভক্ত তার প্রিয় অভিনেতার জন্য  কিনা করতে পারেন। কেউ মাইলের পর মাইল হেঁটে কেউ বা সাইকেল চালিয়ে দেখা করতে আসেন। আবার কেউ বা গ্যাটের কড়ি খরচ করে কারি কারি টাকা দিয়ে বহুমূল্য উপহারে মুড়ে দেন তারকাকে। এবার সঞ্জয় দত্তের (Sanjay Dutt) এক পাকিস্তানি ভক্ত যা করলেন, তাতে নেটদুনিয়ায় শোরগোল। ঠিক কি ঘটেছে? সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সঞ্জয়। সেখানেই বলিউড অভিনেতার সঙ্গে পাকিস্তানের খ্যাতনামা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাশিফ জমিরের দেখা হয়। প্রিয় তারকাকে সামনে পেয়ে প্রেমজাহিরের সুযোগ হাতছাড়া করেননি ওই পাক নেটপ্রভাবী। সঞ্জয় দত্তের হাতে তুলে দিয়েছেন সোনায় মোড়া আইফোন ১৭। যে মোবাইলটি সঞ্জুবাবার জন্যেই স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করিয়েছেন কাশিফ। আর অনুষ্ঠানের অবসরে সঞ্জয় দত্তকে নাগালে পেয়েই সেই স্পেশাল কাস্টমাইজড ফোনটি তাঁর হাতে তুলে দেন পাকিস্তানি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।


  নেটপাড়ার এক ভাইরাল ভিডিওতেই দেখা গেল, সঞ্জয় দত্তকে আলিঙ্গন করে, গালে চুম্বন করে তাঁর হাতে সোনায় মোড়া আইফোন তুলে দিচ্ছেন কাশিফ জমির। পালটা হাসিমুখে পাক ভক্তকে ধন্যবাদ জানালেন সঞ্জুবাবাও। তবে শুধু প্রিয় তারকাকে উপহার দিয়েই ক্ষান্ত থাকেননি কাশিফ। বরং সঞ্জয়পত্নী মান্যতা দত্তের জন্যেও দামি গয়নার সেট দিয়েছেন তিনি। শুধু দেশে নয়, বিশ্বজুড়ে সঞ্জুবাবার অনুরাগীর সংখ্যা যে অগণিত, তা আলাদা করে বলার প্রয়োজন হয় না। কাশিফের ভিডিও তার অন্যতম প্রমাণ। মধ্যপ্রাচ্যের যুদ্ধজিগিরে অশান্ত দুবাইয়ে এহেন সম্প্রীতির ছবি দেখে যদিও প্রশংসায় পঞ্চমুখ একাংশ, তবে আরেক পক্ষ আবার পাক ইনফ্লুয়েন্সার কাশিফ জমিরকে বেধড়ক ট্রোল করা শুরু করেছেন। তাঁদের কটাক্ষ, ‘পাকিস্তানের নিজেরই ভিখিরির দশা। একেবারে রসাতলে গিয়েছে আর্থিক কাঠামো। পেটের জ্বালায় ভুগছে বহু মানুষ। আর সেখানে নিজের দেশের দ্রারিদ্র না ঘুচিয়ে বলিউড তারকাকে সোনায় মোড়া উপহার দিচ্ছেন!’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.