সম্পাদকীয়
কেমন আছেন অধীরবাবু?
বাস্তবিক বাংলার কংগ্রেস এখন সম্পূর্ণ 'নকল বুদীর গড়'এ পরিণত হয়েছে। আর তাকে পাহারা দিচ্ছেন অধীর চৌধুরী। এই অধীর চৌধুরী ছিলেন মুর্শিদাবাদ, বিশেষ করে বহরমপুরের অবিসংবাদিত নেতা। তিনি যখন রাজ্য কংগ্রেসের সভাপতি তখন গোটা রাজ্যে তার প্রতাপ। পার্লামেন্টে অধীরবাবুর এক একটা বক্তব্য ছিল শোনার মত। তারপর? রাজ্য কংগ্রেস একেবারেই হারিয়ে গেছে। এখন কোথায় গেছে রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার? ১০০ দূরবীন দিয়ে খুঁজেও তো তাঁর দেখা পাওয়া যাচ্ছে না। ধীরে ধীরে রাজ্য কংগ্রেস কিন্তু বিলীন হচ্ছে। এখন বড় অসহায় অধীর চৌধুরী।
এদিকে সিপিএম আবার ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে। একদল তরুণ তুর্কি পেয়েছে সিপিএম - যারা স্বার্থের জন্য নয় শুধু আদর্শর জন্য লড়াই করছে। মানুষ তাদের ভালোবাসছে। এবার নাকি অধীর চৌধুরী বহরমপুরে বিধানসভার লড়াই করবেন। আগের মতো আর বলা যাচ্ছে না যে উনি জিতবেন। বহরমপুর এখন তৃণমূলের, আর ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে হুমায়ূন কবীর। অনেকটা পিছিয়ে পড়েছেন অধীর চৌধুরী। তার জন্যই তৃণমূলের সঙ্গে জোট হয় নি। জোট হলে অবশ্য আরো ভয়ঙ্কর হতো। পুরো কংগ্রেসকেই গিলে নিতো তৃণমূল। সব মিলিয়ে অধীরবাবু ভালো নেই। আর কংগ্রেস তো বিলীন হওয়ার পথে।
