নিষিদ্ধ শিল্পীদের কাজে ফেরাতে উঠেপরে লেগেছেন দেব
এবার দেব সোজাসুজি মাঠে নামলেন। মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওর বৈঠক থেকে বেরিয়েই ‘ইন্ডাস্ট্রি’র প্রধান প্রসেনজিৎএর সঙ্গে কথা বললেন দেব। এদিনের বৈঠকে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি অতীত ‘বয়কট সংস্কৃতি’র প্রসঙ্গও উত্থাপন হয়। পঁচিশ সালে ফেডারেশনের বিরুদ্ধে ১৩ জন পরিচালকের মামলা দায়েরের পরই অলিখিতভাবে একাংশের বিরুদ্ধে ‘নিষিদ্ধ খাঁড়া’ নেমে এসেছিল। সেই তালিকায় খ্যাতনামা পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন। গতবছর ‘হুলি-গান-ইজম’-এর মিউজিক ভিডিও শুট করাকালীন কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার অভিযোগ তুলেছিলেন অনির্বাণ।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে যখন গোটা ইন্ডাস্ট্রি একছাদের তলায়, তখন এমন আবহে নিষিদ্ধ শিল্পীদের কাজ না পাওয়ার ‘কষ্টে’র কথা তুলে ধরেন দেব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টলিউড সুপারস্টার বলেন, “ইন্ডাস্ট্রিতে যাঁদের নিষিদ্ধ করা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের সকলকে নিয়ে স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনা করে সমস্যার সুরাহা করবেন বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)। যেহেতেু আমরা আর আলাদা করে আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, এই গোটা ইন্ডাস্ট্রি একটা ছাদ। তবে একাধিক শিল্পী দীর্ঘদিন ধরে নিষিদ্ধ হয়ে পড়ে আছেন। বুম্বাদা আমাকে ৭২ ঘণ্টা সময় দিয়েছেন। আমাকে নিশ্চিত করা হয়েছে, নিষিদ্ধ শিল্পীদের নিয়ে স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলাদা বৈঠক করে বিষয়টির মীমাংসা করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।”
