সকালেই শুরু হয়ে গেছে রাজ্যের ১৬ জেলার ১৫২ আসনে ভোট
প্রায় বছর খানের ধরেই একটা লড়াই চললো নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেসের, বিষয় নির্বাচন। এবার সেই নির্বাচন শুরু হয়ে গেলো। উত্তরবঙ্গ ও জঙ্গল মহলের একটা বড়ো অংশে শুরু হয়েছে ভোট। আজ রাজ্যে প্রথম দফার নির্বাচন। এদিন ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন হচ্ছে। মূলত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভোট রয়েছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হচ্ছে। ভোট হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সুষ্ঠু ভোটের জন্য মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোটে মূল লড়াই হচ্ছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে।
ভোটে এবারের পরিস্থিতি বেশ জটিল। তৃণমূল ও বিজেপির ঘোর সমর্থক ছাড়া কেউ জোর দিয়ে বলতে পারছেন না শেষ হাসি কে হাসবেন। নরেন্দ্র মোদী-অমিত শাহ নাকি মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের সঙ্গেই তামিলনাড়ুতেও আজ বিধানসভা নির্বাচন। তামিলনাড়ুর ভোট বহু দিন ধরেই দ্বিমুখী লড়াই। ডিএমকে বনাম এডিএমকে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ললিতার দল এডিএমকে-র সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি। তবে এ বারে ভোটের লড়াইয়ে রয়েছে আরও এক শক্তি। অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে)।
