এবার কমিশন বড় থাপ্পড় খেলো আদালতের কাছে
নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। তারমানে তারা যা খুশি সিদ্ধান্ত নিতে পারে না, এটা বুঝিয়ে দিলো কলকাতায় আদালত। ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে ব্যক্তিগত বাইক ব্যবহারে নির্বাচন কমিশনের দেওয়া নিষেধাজ্ঞা খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। ভোটের আগের দিন সন্ধ্যা ছটা থেকে অর্থাৎ ১২ ঘণ্টা আগে থেকে এই বিধি কার্যকর হবে। তবে ভোটের দিন সকাল থেকে পারিবারিক কাজে বা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যক্তিগত বাইক ব্যবহার করা যাবে। ২০২৬ সালের নির্বাচনের সময়ে, যে সমস্ত নজিরবিহীন পদক্ষেপ কমিশন নিয়েছে, তার মধ্যে অন্যতম হল বাইকে নিষেধাজ্ঞা। কমিশনের পূর্ব ঘোষিত নিয়মে ভোটের ৭২ ঘণ্টা আগে থেকেই ব্যক্তিগত বাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা ছিল, যা সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। আদালতের সাম্প্রতিক নির্দেশে এই বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হয়েছে। আদালতের প্রশ্ন ছিল, নির্বাচনের সময়ে বাইক নিয়ে যে বিধিনিষেধ জারি করেছে কমিশন, তা করা হয়েছে কোন আইনি বলে? জানতে চাওয়া হয়, কেন কেবলমাত্র বাইককেই নিয়ন্ত্রণ করা হচ্ছে, অন্যান্য গাড়ির ক্ষেত্রে এই একই নিয়ম লাগু হচ্ছে না? কমিশন সওয়াল করেন, বাইকে করে যাতায়াত করলে, অনেক সহজেই এড়িয়ে যাওয়া যায় নাকা চেকিংয়ের পয়েন্টগুলি।
