আজকের আবহাওয়া
আবার আবহাওয়ার মুড চেঞ্জ। প্রবল গরম পরে গিয়েছিল। কিন্তু রবিবার সকাল থেকেই বেশ জোরালো হাওয়া বইছে। বেশ মেঘের ঘনঘটা। জেলায় জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। আগামীকালও একই রকম থাকবে পরিস্থিতি। উত্তরবঙ্গও আজ থেকে ফের ভিজতে পারে।
ইতিমধ্যেই একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের আবহাওয়ার বদল হতে পারে। ঝড়-বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে মনে করা হচ্ছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তালিকায় কোন কোন জেলা? রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঝড়-বৃষ্টির হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায়। এরপর সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। জেলায় জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি আবার কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এর মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির কারণে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে বৃষ্টি কমে গেলে ফের হু হু করে পারদ চড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আজ থেকে ফের ভিজবে উত্তরবঙ্গও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর উত্তরের সব জেলাতেই বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা রয়েছে।
