আন্তর্জাতিক
আবার কলম্বিয়ায় যাত্রীবাহী বাসে হামলা - মৃতের সংখ্যা অন্তত ১৪ জন
কলম্বিয়া শহর মাঝে মাঝেই যেন জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে ওঠে। মুহুর্মুহু সক্রিয় হয়ে ওঠে জঙ্গিরা। যাত্রীবাহী বাসে ভয়াবহ বিস্ফোরণ কলম্বিয়ায়। শনিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার কাওকা অঞ্চলে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনার পর দ্বিখণ্ডিত হয়ে যায় বাসটি। এই হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ৩৮ জন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে জানিয়েছে দেশটির সেনাপ্রধান। মনে করা হচ্ছে, হামলার নেপথ্যে মাদক কারবারিদের যোগ রয়েছে।
কাওকা অঞ্চলের গর্ভনর অক্টাভিও গুজমান বলেন, দক্ষিণ-পশ্চিম কাজিবিও এলাকার প্যান আমেরিকান হাইওয়ে ধরে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে বাসের মধ্যে। ঘটনার জেরে ১৪ জনের মৃত্যু হয়েছে।
মৃত ও আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। এদিকে মর্মান্তিক এই ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন কলম্বিয়ার সেনা কমান্ডার জেনারেল হুগো লোপেজ। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন। এবং এই ঘটনার জন্য ইভান মোরডিস্কো নামের এক কুখ্যাত অপরাধীর দল ও জাইমে মার্টিনেজ গ্যাংকে দায়ী করেছেন।
