আজ শুভেন্দুর সঙ্গে ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিতে চলেছেন অমিত শাহ
আর অল্প কিছু সময়ের মধ্যে বাংলার রাজনৈতিক ইতিহাসে তৈরী হতে চলেছে এক নতুন অধ্যায়। এবারের নির্বাচনের 'ভরকেন্দ্র' ভবানীপুর। আর সেই কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণেই এক চরম উত্তেজনা। সূত্রের খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার ভবানীপুরে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, আর সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর পাশে থাকবেন অমিত শাহ নিজেই। এবার প্রশ্ন উঠেছে রাজ্য বিজেপির 'মুখ' কে? বিজেপি কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করবেন?
বঙ্গ বিজেপির মুখ বলতে আলোচনায় উঠে আসে সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর মতো নাম। ছাব্বিশের নির্বাচনে সক্রিয় হয়ে ময়দানে রয়েছেন দিলীপ ঘোষও। তবে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে মুখ্যমন্ত্রী হবে কে? এর উত্তর কখনই দেয় না বঙ্গ বিজেপি নেতৃত্ব। দলের সংগঠনের নীতি মেনেই কাজ করে গেরুয়া শিবির। তবে এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারীকে ঘিরে জল্পনা বাড়ছে। অতীতে তাকালে দেখা যাবে, ২০১৫ তে দিল্লিতে কিরণ বেদী বা ২০১৬-তে অসমের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে সর্বানন্দ সোনোয়ালের নাম ঘোষণা করেছিল গেরুয়া শিবির। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়েছে ফলাফল ঘোষার পর। সে ক্ষেত্রে একদিকে যেমন মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ বা বিপ্লব দেবের মতো আরএসএস যোগ থাকা নেতার নাম ঘোষণা করা হয়েছে, অন্যদিকে, হিমন্ত বিশ্বশর্মার মতো নজিরও রয়েছে, যিনি কংগ্রেস থেকে বিজেপিতে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার এক সভায় বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন, “আগামিদিনে রাজ্যে যিনিই বিজেপির মুখ্যমন্ত্রী হোন না কেন, তিনি আমিষাশী হবেন।”
